১১ দলীয় জোটে ভাঙন

জোট
  © সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবার (২৫ জুলাই) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত দলের কেন্দ্রীয় মজলিসে শুরার তৃতীয় সাধারণ বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে কেন্দ্রীয় প্রচার সম্পাদক প্রকৌশলী আব্দুল হাফিজ খসরুর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস। তবে ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে বৃহত্তর রাজনৈতিক ঐক্যের প্রয়োজন দেখা দিলে বিষয়টি বিবেচনা করা হবে।

বিবৃতিতে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত জাতীয় নির্বাচনকে সামনে রেখে গঠিত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার পর বাস্তবে সেই ঐক্যের কার্যকারিতা শেষ হয়ে যায়। এরপরও কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিলেও বর্তমান পরিস্থিতিতে জোটের কার্যক্রমে আর যুক্ত না থাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে গত ১৩ জুন চট্টগ্রামে ১১ দলের বিভাগীয় সমাবেশের পর খেলাফত মজলিস জোট আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়, ভবিষ্যতে কোনো সমাবেশের ব্যানার, পোস্টার বা প্রচারণায় দলের নাম কিংবা নেতাদের নাম ব্যবহার করা যাবে না। পরে রংপুরের একটি সমাবেশে দলের নাম ব্যবহার করা হলে আপত্তির মুখে তা প্রত্যাহার করা হয়। এরপর থেকে জোটের কোনো কর্মসূচিতে খেলাফত মজলিসের নাম ব্যবহার করা হয়নি বলে দলীয় সূত্র জানিয়েছে।

এ বিষয়ে খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমি বলেন, জাতীয় নির্বাচনের সময় ১১ দলের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা ছিল এবং নির্বাচন-পরবর্তী কয়েকটি কর্মসূচিতেও তারা অংশ নিয়েছিলেন। তবে বেশ কিছুদিন ধরে তারা জোটের কোনো কার্যক্রমে অংশ নিচ্ছেন না। তার ভাষ্য, সেই সমঝোতা এখন আর কার্যকর নেই এবং দলটি সেটি আর অব্যাহত রাখতে চায় না।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ কয়েকটি বিষয়ে ১১ দলের সঙ্গে তাদের মতৈক্য থাকলেও এখন থেকে এসব বিষয়ে খেলাফত মজলিস নিজস্বভাবে কাজ করবে। ভবিষ্যতে বৃহত্তর কোনো রাজনৈতিক ঐক্যের প্রয়োজন হলে তখন পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সম্প্রতি কওমি ধারার ইসলামি দলগুলোর রাজনৈতিক অবস্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। হেফাজতে ইসলামের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর উদ্যোগে কয়েকটি ইসলামি দলের নেতাদের বৈঠকের পর থেকেই ১১ দলীয় নির্বাচনী জোটের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। এরই মধ্যে খেলাফত আন্দোলন জোট ছাড়ার ঘোষণা দিয়েছে। এবার একই সিদ্ধান্ত নিল খেলাফত মজলিস। তবে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস এখনো জামায়াত নেতৃত্বাধীন ওই জোটে রয়েছে।


মন্তব্য