আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

জন্মদিন
  © ফাইল ছবি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ ছেলে আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মদিন আজ।

১৯৬৯ সালের ১২ আগস্ট জন্মগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ছোট ভাই আরাফাত রহমান কোকো। জন্মদিন উপলক্ষে বুধবার বিএনপির নেতাকর্মীরা রাজধানীর বনানী কবরস্থানে তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। এ ছাড়া নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তাঁর স্মরণে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

এদিকে বিকেল সাড়ে ৫টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

ব্যক্তিগত জীবনে আরাফাত রহমান কোকো ছিলেন শান্ত ও অন্তর্মুখী স্বভাবের। পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে আলোচনায় থাকলেও তিনি বরাবরই প্রচারের আড়ালে থাকতে পছন্দ করতেন। তবে দেশের ক্রীড়াঙ্গনে তাঁর অবদান ছিল উল্লেখযোগ্য।

২০০২ থেকে ২০০৫ সাল পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যুক্ত ছিলেন কোকো। এ সময় ক্রিকেটকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে তিনি ভূমিকা রাখেন। ক্রীড়া সংগঠক হিসেবেও তাঁর অবদান দেশের ক্রীড়াঙ্গনে স্মরণীয় হয়ে আছে।

২০১৫ সালের ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মালয়েশিয়ায় মারা যান আরাফাত রহমান কোকো। মৃত্যুকালে তিনি স্ত্রী শর্মিলা রহমান এবং দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমানকে রেখে যান।


মন্তব্য