বিএনপির স্থায়ী কমিটিতে নতুন ৪ মুখ
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০৩ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০৩ PM
বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে চার নেতাকে সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যেই তাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএনপি।
নতুন মনোনীত নেতারা হলেন- অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মো. আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও মো. ইসমাইল জবিউল্লাহ।
শনিবার (১৫ আগস্ট) বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়েছে, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক গতিশীলতা বাড়াতে এসব নেতাকে জাতীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাদের মেধা, অভিজ্ঞতা ও বিচক্ষণতা দলের নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে সহায়ক হবে। একই সঙ্গে দল ও জনগণের স্বার্থে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণেও তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছে বিএনপি।
দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে নতুন চার সদস্যের অন্তর্ভুক্তির ফলে বিএনপির সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।