মন্ত্রীত্ব নেই, এখন কোন পদে স্বপন?

স্বপন
  © সংগৃহীত

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে তাকে মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

শনিবার (২২ আগস্ট) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করা হয়। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই করা পদত্যাগসংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। তার পদত্যাগ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।

অন্য এক প্রজ্ঞাপনে ‘রুলস অব বিজনেস, ১৯৯৬’-এর রুল ৩বি(১) ও ৩বি(২) অনুযায়ী জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে তিনি মন্ত্রীর পদমর্যাদা অনুযায়ী বেতন-ভাতা এবং অন্যান্য আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জহির উদ্দিন স্বপন। নির্বাচনের পর ১৭ ফেব্রুয়ারি গঠিত বিএনপি নেতৃত্বাধীন সরকারে তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছিল।

মন্ত্রিসভা থেকে সরে গিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে জহির উদ্দিন স্বপনের ভূমিকা এখন ভিন্ন পরিসরে অব্যাহত থাকবে।


মন্তব্য