ঢাকার কূটনৈতিক এলাকায় নিরাপত্তা জোরদার
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ১০:০৫ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ১০:০৫ PM
ঢাকার কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকির ঘটনায় বারিধারা ও গুলশানের কূটনৈতিক এলাকায় নিরাপত্তা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ রবিবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় পুলিশের কাছে এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। তবে চীনা দূতাবাস কর্তৃপক্ষ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পুলিশ সদর দপ্তরকে বিষয়টি জানিয়েছে। পরে পুলিশ সদর দপ্তরের নির্দেশনায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিষয়টি তদন্ত করছে।
আবু খায়ের বলেন, হুমকির বিষয়টি জানার পর কূটনৈতিক এলাকায় আগের তুলনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। বিশেষ করে চেকপোস্ট, নিয়মিত টহল ও দূতাবাসগুলোর সামনে নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি কুইক রেসপন্স টিমগুলোও প্রস্তুত রাখা হয়েছে।
তিনি বলেন, পুরো কূটনৈতিক এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। তবে কারা হুমকি দিয়েছে, কী কারণে দিয়েছে এবং ঠিক কোন কোন দূতাবাস হুমকি পেয়েছে এসব বিষয়ে পুলিশের কাছে এখনো বিস্তারিত তথ্য নেই।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, বিষয়টি জানার পর আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই বলেও আশ্বস্ত করেন তিনি।
এর আগে ঢাকায় অবস্থিত কয়েকটি বিদেশি দূতাবাসে ই-মেইলের মাধ্যমে হুমকি দেওয়ার ঘটনা ঘটে। এ বিষয়ে সিটিটিসি কর্মকর্তাদের সঙ্গে দূতাবাসগুলোর প্রতিনিধিদের বৈঠকও হয়েছে। পরে ঘটনাটির তদন্ত শুরু করে সিটিটিসি।
পুলিশের একটি সূত্র জানায়, গত সপ্তাহের শেষ দিকে বাংলাদেশে অবস্থিত একাধিক দূতাবাসে হুমকিসংবলিত ই-মেইল পাঠানো হয়। আতঙ্ক সৃষ্টি করতেই কোনো একটি গোষ্ঠী এসব ই-মেইল পাঠিয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় গুলশান থানায় এখন পর্যন্ত কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা লিখিত অভিযোগও করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।