দুদকের জালে আসিফ মাহমুদ

আসিফ মাহমুদ
  © সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থাকাকালে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ার পর আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের উপপরিচালক মো. আকতারুল ইসলাম। তিনি জানান, বদলি বাণিজ্য, নিয়োগ ও পদোন্নতিসহ বিভিন্ন অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে চার সদস্যের একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে দুদক। দলের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির উপপরিচালক মো. জাহিদ কালাম।

অভিযোগ সংশ্লিষ্ট অপর তিন ব্যক্তি হলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ।

দুদক সূত্রে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে ঘুষ গ্রহণ, অর্থপাচার, বিদেশে অর্থ স্থানান্তর, অবৈধ বিটকয়েন লেনদেন, চাঁদাবাজি, স্বজনপ্রীতি ও আঞ্চলিক প্রভাব বিস্তারের মতো বিভিন্ন অভিযোগ রয়েছে। অভিযোগের মধ্যে ক্রিকেট বোর্ড গঠনে সরাসরি হস্তক্ষেপ এবং সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) মোয়াজ্জেম হোসেনের মাধ্যমে অবৈধ সুবিধা নেওয়ার বিষয়ও রয়েছে বলে জানা গেছে।

তবে এসব অভিযোগের সত্যতা অনুসন্ধানের মাধ্যমে যাচাই করবে দুদক।


মন্তব্য