সিফাত ইস্যুতে প্রশ্ন তাসনিম জারার
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৯ PM
দুই মাসে প্রায় ৯ হাজার টাকা বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছিলেন কলেজছাত্র সিফাত আব্দুল্লাহকে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন তুলেছেন এনসিপির সাবেক নেত্রী তাসনিম জারা।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড একাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
পোস্টে তাসনিম জারা বলেন, ‘সিফাতের ভাষা ভদ্র ছিল না। এটা নিয়ে তর্ক করার কিছু নাই। কিন্তু প্রশ্নটা ভদ্রতার নয়। কারণ সিফাতকে অভদ্রতার জন্য গ্রেপ্তার করা হয়নি। মামলা দেওয়া হয়েছে সন্ত্রাসবিরোধী আইনে। তাহলে গালি দেওয়া কি সন্ত্রাস?
দেখলাম যাঁরা এই গ্রেপ্তারের বিপক্ষে লিখছেন তাঁদের কমেন্টবক্সে গালির বন্যা। সাথে বলছেন যে ছেলেটা গালি দিয়েছে, তাই ধরা ঠিক হয়েছে। আয়রনি হলো, তাঁরা নিজেরাই গালি দিয়ে সেটা বলছেন। এবং তাঁদের কোনো ভয় নাই। কারণ তাঁরা জানেন গালিটা তাঁরা কাকে দিচ্ছেন, আর কাকে দিচ্ছেন না। অর্থাৎ ক্ষমতাসীন কাউকে গালি দিলে সেটা অপরাধ, ক্ষমতায় না থাকা কাউকে দিলে সেটা গ্রহণযোগ্য।
আপনারা একটা তালিকা করে দিন। কী কী লিখলে, কী কী আঁকলে, বিলের কাগজ হাতে নিয়ে কী কী বললে রাত সাড়ে আটটায় দরজায় পুলিশ আসবে না। লিখে দিন। আমরা মেনে চলব। আর যদি তালিকা দিতে অস্বস্তি হয়, 'দ্য ডিক্টেটর' সিনেমার আলাদিনের আচরণের মতো মনে হয়, তাহলে নিজেদের সংযত করুন।
সিফাতকে অবিলম্বে মুক্তি দিন। মামলা প্রত্যাহার করুন। আর সন্ত্রাসবিরোধী আইনের যে ধারাগুলো কথা বলার বিরুদ্ধে ব্যবহার করা যায়, সেগুলো সংশোধন করুন।’
প্রসঙ্গত, দুই মাসে প্রায় ৯ হাজার টাকা বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে ফেসবুকে ভিডিও প্রকাশ করেছিলেন কলেজছাত্র সিফাত আব্দুল্লাহ। ভিডিওতে বিল নিয়ে ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিএনপি সরকার ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষা ব্যবহারের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে তাকে আটক করে পুলিশ। তবে আটকের পর তার বিরুদ্ধে কী অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে পুলিশের বক্তব্যে একাধিকবার পরিবর্তন দেখা যায়। শেষ পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি বা তথ্যপ্রযুক্তি আইনে নতুন কোনো মামলা না করে, আগের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিফাত রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পর গাজীপুর মহানগরীর গাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে গাছা থানা পুলিশ।