আ.লীগের ৭ শীর্ষ নেতৃবৃন্দের রায় মঙ্গলবার
- বাংলাকণ্ঠ রিপোর্ট
- প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ PM , আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ PM
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত নেতার মামলার রায় মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘোষণা করা হবে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ রায় ঘোষণার জন্য দিনটি ধার্য করেন। এর আগে গত ১৮ আগস্ট মামলার উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।
মামলার অন্য আসামিরা হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।
মামলার বিচারকাজ চলাকালে রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। একই সঙ্গে অপরাধের মাধ্যমে অর্জিত বা অপরাধ সংঘটনে ব্যবহৃত সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশও চাওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে বলা হয়, জুলাইয়ের আন্দোলন দমনে রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে উচ্চপর্যায়ের বৈঠক করে ছাত্র-জনতা হত্যার পরিকল্পনা করা হয়েছিল। ট্রাইব্যুনালে উপস্থাপিত অডিও ও ভিডিও ফুটেজে এ-সংক্রান্ত প্রমাণ রয়েছে বলেও দাবি করা হয়।
প্রসিকিউশনের দাবি, আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার যে নির্দেশ দেওয়া হয়েছিল, তা বাস্তবায়নে সরাসরি ভূমিকা ছিল ওবায়দুল কাদেরের। তাদের ভাষ্য অনুযায়ী, ওই নির্দেশের পর ৫ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে গুলিতে বহু মানুষ নিহত হন।