গরিবের হাসপাতাল গুঁড়িয়ে দিলো বিএনপি, সাদিক কায়েমের ক্ষোভ
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ PM , আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪০ PM
রাজধানীর মিরপুর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে নিরাপত্তাকর্মীদের বেঁধে রেখে সংঘবদ্ধভাবে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।
আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) এক ফেসবুক পোস্টে তিনি এসব অভিযোগ করেন।
সাদিক কায়েমের দাবি, ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিমিটেড’-এর মাধ্যমে হাসপাতালটির জায়গা দখলের চেষ্টা করা হয়েছে। এ কর্মকাণ্ডের পেছনে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির নেতৃত্ব রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
ডাকসু ভিপি বলেন, গত ৫০ বছর ধরে হাসপাতালটি প্রসূতি মা ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসছে। পাশাপাশি দরিদ্র রোগীদের জন্যও বিশেষ কার্যক্রম রয়েছে। এমন একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানও দখলদারত্ব থেকে রক্ষা পায়নি বলে মন্তব্য করেন তিনি।
সাদিক কায়েম আরও অভিযোগ করে লেখেন, বিএনপি ক্ষমতায় আসার পর থেকেই দলীয় পৃষ্ঠপোষকতায় ‘মবসন্ত্রাস ও দখলদারির রাজনীতি’ চলছে। থানা, স্কুল, হাট-বাজার, ময়লার ভাগাড় ও বালুমহালের পর এবার হাসপাতালেও হামলার ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারাদেশে বিএনপির নামে নগ্নভাবে যে জমি দখল ও মবসন্ত্রাসের রাজত্ব চলছে, এই ঘটনা তারই একটি উদাহরণ।
এছাড়া, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের ‘এলাকা ভাগ করে সন্ত্রাসের ঠিকাদারি দেওয়া হয়েছে’ বলেও অভিযোগ করেন ডাকসু ভিপি। তার ভাষ্য, মিরপুরের ঘটনাটি এরও একটি উদাহরণ।
হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে হামলার ঘটনাকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে উল্লেখ করেন সাদিক কায়েম। তিনি বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের হামলা এবং জুলাইয়ে ছাত্রলীগের হামলার মতো ঘটনাও তিনি দেখেছেন।
সাদিক কায়েম বলেন, এসব করে বিএনপি নিজেদের জন্য ধ্বংসের পথ বেছে নিচ্ছে। অবশ্য দখলের নেশায় মত্ত সন্ত্রাসীরা সেই হুঁশ হারিয়ে ফেলেছে।