মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা, কারণ কী?
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ PM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে মামলাটি করেন।
জানা যায়, গতকাল জামায়াতের ৩৪ এমপির ব্যাগ আটকিয়ে হয়রানি করছিলেন নিরাপত্তা কর্মীরা। তখন জামায়াত নেতা ও সাবেক সেনা কর্মকর্তা আখতারুজ্জামান তাকে বলেন, জামায়াতে ইসলামী আজকেই ১০০০ ট্রলি কিনে দিবে, লাগবে? বিমানবন্দরের পরিচালক যখন ট্রলির সংকটের অজুহাত দেন, তখন তিনি এসব কথা বলেন। অর্থাৎ, ট্রলির সংকটের কারণে যদি বিমানবন্দরে হয়রানির শিকার হতে হয়, তবে কয় হাজার ট্রলি লাগবে? জনগণের কল্যাণে জামায়াতে ইসলামীই সব কিনে দিবে।
তিনি আরও বলেন, ‘কাজ পারো না মিয়া, তদবির কইরা এই জায়গায় বসেছো? সিস্টেমের অজুহাত দিয়ে আর কত লোককে হয়রানিতে রাখবে? কাজ না পারলে বের হয়ে যাও। নতুবা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবো?’
এই ঘটনার একদিন পর এই মামলা দায়ের করা হলো। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, আজ (শুক্রবার) তার বিরুদ্ধে মামলাটি হয়েছে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। এ বিষয়ে আমরা তদন্ত করছি।
তাকে গ্রেপ্তার করা হতে পারে কি না এমন প্রশ্নের জবাবে বলেন, এই বিষয়ে আমরা এখনো কোনো কিছু বলতে পারছি না। যেহেতু মামলা হয়েছে আমরা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, ব্যাপক যাত্রীদের চাপের কারণে বৃহস্পতিবার (১ অক্টোবর) মদিনা থেকে আগত একটি ফ্লাইটের (বিজি-৩৩৮) লাগেজ পেতে বিলম্ব হওয়ায় যাত্রীরা ক্ষুব্ধ হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ ঘটনাস্থলে এলে মেজর (অব.) আখতারুজ্জামান তাকে অকথ্য ভাষায় গালাগাল করে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ও মারধরের হুমকি দেন। এমনকি তিনি বিমান মন্ত্রীকে নিয়েও অশালীন মন্তব্য করেন।
আরও বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গীরা সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ শুরু করলে নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে মেজর আখতারুজ্জামান তাকেও গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এছাড়া তিনি সাধারণ যাত্রীদের জমজমের পানির বোতল ছুড়ে ফেলে দেন এবং বিমান বাংলাদেশ প্রতিনিধির সঙ্গে মারমুখী আচরণ করেন।
উল্লেখ্য, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি থেকে একাধিকবার বহিষ্কৃত হয়েছেন মেজর (অব.) আখতারুজ্জামান। তবে যৌক্তি সমালোচনা করতেন বলে জানা গেছে। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীতে যোগদান করেন।