বাংলাদেশের জন্য সুখবর দিলো সৌদি
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১০ জুলাই ২০২৬, ০৭:০৯ PM , আপডেট: ১০ জুলাই ২০২৬, ০৭:০৯ PM
বাংলাদেশসহ সাতটি দেশের নাগরিকদের জন্য নতুন সমন্বিত ভ্রমণ ও ই-ভিসা প্যাকেজ চালু করেছে সৌদি আরব। এর ফলে একটি বুকিংয়ের মাধ্যমেই ভ্রমণ, হোটেল এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসার ব্যবস্থা করা যাবে। শুক্রবার (১০ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।
প্রাথমিকভাবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মিশর, জর্ডান, ইন্দোনেশিয়া ও মেক্সিকোর নাগরিকরা এই সুবিধা পাবেন। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে পর্যায়ক্রমে আরও দেশের জন্য এই কর্মসূচি সম্প্রসারণ করা হবে।
নতুন ব্যবস্থায় ভ্রমণকারীরা একটি সমন্বিত বুকিংয়ের মাধ্যমে রিটার্ন বিমান টিকিট, অনুমোদিত পর্যটন হোটেলে থাকার ব্যবস্থা এবং ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা একসঙ্গে পাবেন। ফলে আলাদাভাবে ভিসার আবেদন বা সৌদি দূতাবাসে যাওয়ার প্রয়োজন হবে না।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্যাকেজ কেনার ৪৮ ঘণ্টার মধ্যে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে। অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে বুকিং সম্পন্ন হলে ইমেইলে ভিসা, ভ্রমণ বীমা এবং প্রয়োজনীয় ভ্রমণসংক্রান্ত কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে।
বর্তমানে রিজারভাল এবং আলমোসাফের নামে দুটি ট্রাভেল এজেন্সিকে এই সেবা দেওয়ার অনুমোদন দেওয়া হয়েছে। ভিসাটির মেয়াদ হবে তিন মাস। এতে একবার সৌদি আরবে প্রবেশ করা যাবে এবং সর্বনিম্ন দুই দিন থেকে সর্বোচ্চ ৮৮ দিন পর্যন্ত অবস্থানের সুযোগ থাকবে।
গালফ নিউজ জানিয়েছে, প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম দুই দিনের সর্বনিম্ন প্যাকেজ মূল্য নির্ধারণ করা হয়েছে ৪ হাজার সৌদি রিয়াল। এরপর প্রতিটি অতিরিক্ত দিনের জন্য ১ হাজার সৌদি রিয়াল যোগ হবে। ভিসা ইস্যু ও ভ্রমণ বীমাসহ মোট ভিসা ফি ৪০২ দশমিক ২১ সৌদি রিয়াল।
এ ছাড়া ভ্রমণকারীরা চাইলে বুকিংয়ের সঙ্গে বিভিন্ন ইভেন্টের টিকিট ও বিনোদনমূলক কার্যক্রমও যুক্ত করতে পারবেন।
তবে এই প্যাকেজে মক্কা ও মদিনায় উমরাহ-সংক্রান্ত কোনো সেবা অন্তর্ভুক্ত নেই। যদিও ভিসাধারীরা সৌদি আরবে পৌঁছানোর পর মক্কা, মদিনাসহ দেশের যেকোনো স্থানে ভ্রমণ করতে পারবেন।
অপ্রত্যাশিত কারণে ফ্লাইট বা হোটেল বুকিং বাতিল হলে অর্থ ফেরত বা বুকিং পরিবর্তনের বিষয়টি সংশ্লিষ্ট অনুমোদিত ট্রাভেল এজেন্সির নীতিমালা অনুযায়ী নিষ্পত্তি করা হবে।
সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে এই কর্মসূচির পরিধি আরও বাড়ানো হবে এবং নতুন দেশও এতে যুক্ত করা হবে।
সূত্র: গালফ নিউজ