প্রবাসী কার্ডে যে সুবিধা
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৫:৩০ PM , আপডেট: ২১ জুলাই ২০২৬, ০৫:৩০ PM
প্রবাসী কার্ডধারীদের জন্য প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধাসহ একাধিক বিশেষ সেবা চালুর নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার পরিকল্পনাও নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় বিষয়ক এক অবহিতকরণ সভায় এ তথ্য জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। এতে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান।
সভায় আফরোজা খানম বলেন, প্রবাসীদের জন্য সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট ও বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ছাড় দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের সুবিধার্থে ইতোমধ্যে শাটল বাস সার্ভিস চালু করা হয়েছে। প্রবাসীদের জন্য হয়রানিমুক্ত বিমানসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল-মোটেলগুলোতেও প্রবাসীদের জন্য বিশেষ ছাড় দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। এছাড়া প্রবাসী কার্ডধারীরা বিমানবন্দরে প্রায়োরিটি চেক-ইন ও বোর্ডিং সুবিধা পাবেন। এসব সুবিধা বর্তমান সরকারের চালু করা প্রবাসী কার্ডের মাধ্যমে দেওয়া হবে।
সভার শুরুতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সরকারের নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত প্রবাসী কার্ড বাস্তবায়নে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র তুলে ধরেন।