শিগগিরই ১৫ হাজার শ্রমিক নেবে মালয়েশিয়া
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:১৪ PM , আপডেট: ০৬ আগস্ট ২০২৬, ০৬:১৪ PM
দেশটির বিভিন্ন খাতে বিদ্যমান শ্রমিক সংকট কাটিয়ে উঠতে ১৫ হাজার বিদেশি কর্মী নিয়োগের আবেদন দ্রুত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম।
বুধবার (৫ আগস্ট) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সরকারের মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী দাতুক সেরি ফাহমি ফাদজিল।
ফাহমি বলেন, বিদেশি কর্মী নিয়োগসংক্রান্ত প্রায় ১৫ হাজার আবেদন দ্রুত প্রক্রিয়াকরণের জন্য মানবসম্পদ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বিভিন্ন খাতে শ্রমিকের চাহিদা দ্রুত পূরণ এবং দেশের অর্থনৈতিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এর আগে গত ২৪ জুলাই প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছিলেন, ভারতীয় মুসলিম রেস্তোরাঁ খাতে বিদেশি কর্মীর ঘাটতি নিরসনে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোকে এক মাসের মধ্যে কার্যকর সমাধান বের করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, রেস্তোরাঁ মালিকদের শ্রমিক সংকটের বিষয়টি সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। তবে বিদেশি কর্মী নিয়োগের পুরো প্রক্রিয়া অবশ্যই বিদ্যমান নীতিমালা অনুসরণ করে সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হবে।