নিউইয়র্কে সাবেক নৌপ্রধান মাহবুব আলীর শাহাদাতবার্ষিকী পালিত

নিউইয়র্ক
  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (১৪ আগস্ট) বাদ মাগরিব নিউইয়র্কের জ্যাকসন হাইটস জামে মসজিদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) যুক্তরাষ্ট্র শাখা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলের শুরুতে যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সহ-সভাপতি আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ১৯৭৯ সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীকে একটি আধুনিক ও শক্তিশালী নৌবাহিনীতে পরিণত করার জন্য আপ্রাণ চেষ্টা করেন। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের তালপট্টিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁর অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।

আলহাজ্ব সোলাইমান ভূঁইয়া উপস্থিত মুসল্লিদের কাছে রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করার আহ্বান জানান। একইসঙ্গে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী, ‘গণতন্ত্রের মা’ ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর রুহের মাগফিরাত ও জান্নাতুল ফেরদৌস নসিবের জন্যও উপস্থিত সকলের কাছে দোয়া কামনা করেন।

অনুষ্ঠানের দোয়া ও মিলাদ পরিচালনা করেন জ্যাকসন হাইটস জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ সাদেক। মুনাজাতে মরহুম রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া এবং তাঁদের কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

এ সময় বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু ও শারীরিক সুস্থতা এবং জিয়া পরিবারের সকল সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের সহধর্মিণী ও তাঁর দুই কন্যা- ডা. জোবাইদা রহমানসহ পরিবারের সকল সদস্যের জন্যও দোয়া করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জাকির এইচ. চৌধুরী, গিয়াস উদ্দিন, মোশারফ হোসেন সবুজ, আবু সাঈদ আহমেদ, মাকসুদুল এইচ. চৌধুরী, নাসিম আহমেদ, মোতাহার হোসেন, এটিএম হেলালুর রহমান, মোহাম্মদ বাচ্চু, শেখ ইউসুফ আলী, তারেক চৌধুরী, দিপু, মনির হোসেন, মোর্শেদুল আলম, মোহাম্মদ রাসেল, নসিব ভান্ডারীসহ আরও অনেকে। এ ছাড়া বিপুলসংখ্যক মুসল্লি দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিলে যুক্তরাষ্ট্র বিএনপির অসুস্থ নেতৃবৃন্দ আব্দুস সবুর, রুহুল আমিন নাসির ও শাহাদাত হোসেন রাজুর সুস্থতার জন্যও বিশেষভাবে মোনাজাত করা হয়।


মন্তব্য