১৬ দেশ থেকে কর্মী নেবে ডেনমার্ক

ডেনমার্ক
  © সংগৃহীত

বিদেশি কর্মীদের জন্য কাজের সুযোগ আরও বাড়াতে যাচ্ছে ডেনমার্ক। বৈশ্বিক পেশাজীবীদের দেশটিতে কাজের সুযোগ দিতে ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে নতুন একটি অভিবাসন ব্যবস্থা চালু করতে যাচ্ছে ইউরোপের দেশটি।

অভিবাসনবিষয়ক পরামর্শক সংস্থা ‘ফ্রেগোমেন’-এর তথ্য অনুযায়ী, নতুন ব্যবস্থায় নির্দিষ্ট ১৬টি দেশের নাগরিকরা ডেনমার্কে গিয়ে কাজ করার সুযোগ পাবেন।

এই প্রক্রিয়ায় বিদেশি কর্মী নিয়োগ দিতে চাইলে ডেনমার্কের প্রতিষ্ঠানগুলোকে কয়েকটি শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে রয়েছে—কমপক্ষে দুই বছর ধরে ডেনমার্কে ব্যবসা পরিচালনা করা, প্রতিষ্ঠানে অন্তত ১০ জন পূর্ণকালীন কর্মী থাকা এবং স্থানীয় শ্রম আইন অনুযায়ী যৌথ চুক্তি মেনে চলা।

শর্ত পূরণকারী প্রতিষ্ঠানগুলো ডেনিশ অভিবাসন কর্তৃপক্ষের কাছ থেকে সনদ নিয়ে বিদেশ থেকে কর্মী নিয়োগ করতে পারবে।

নতুন ব্যবস্থার আওতায় থাকা ১৬টি দেশ হলো—ভারত, অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, চীন, জাপান, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউক্রেন, আলবেনিয়া, মলদোভা, মন্টেনিগ্রো, উত্তর মেসিডোনিয়া, সার্বিয়া ও সিঙ্গাপুর।

ডেনমার্কের স্থানীয় প্রতিষ্ঠানগুলোর জন্য দক্ষ আন্তর্জাতিক কর্মী নিয়োগের প্রক্রিয়া সহজ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

নতুন নিয়মে নিয়োগপ্রাপ্ত কর্মীদের সর্বনিম্ন বার্ষিক বেতন নির্ধারণ করা হয়েছে ৩ লাখ ২২ হাজার ডেনিশ ক্রোন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৫৭ লাখ টাকা।

ডেনমার্কে কর্মসংস্থানভিত্তিক অন্যান্য ওয়ার্ক পারমিটের তুলনায় এই বেতনসীমা তুলনামূলক কম। ফলে নিয়োগকর্তাদের জন্য বিদেশি কর্মী নিয়োগের সুযোগ আরও সহজ হবে এবং আন্তর্জাতিক পেশাজীবীদের জন্য ডেনমার্কে কাজের পথও কিছুটা সুগম হবে।

সূত্র: এনডিটিভি


মন্তব্য