ইউরোপের দেশ থেকে আসছে সুখবর
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ PM , আপডেট: ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৩ PM
উচ্চশিক্ষার জন্য রোমানিয়ায় যেতে আগ্রহী বাংলাদেশিদের ভিসা আবেদন প্রক্রিয়াকরণে ঢাকায় আসছে দেশটির দূতাবাসের একটি প্রতিনিধিদল। আগামী ৮ থেকে ১১ অক্টোবর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনের মাধ্যমে এ সেবা দেওয়া হবে।
আজ শুক্রবার (২ অক্টোবর) ভারতের নয়াদিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস এ তথ্য জানিয়েছে।
দূতাবাসের তথ্য অনুযায়ী, এ মিশনের প্রধান লক্ষ্য হবে শিক্ষার্থী ভিসার আবেদন গ্রহণ করা। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের অন্যান্য জরুরি কনস্যুলার সেবার ক্ষেত্রেও সহায়তা দেওয়া হবে।
তবে এ কার্যক্রমে শুধু তাদের ভিসার আবেদন গ্রহণ করা হবে, যারা রোমানিয়ার অফিসিয়াল ই-ভিসা পোর্টালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তা পেয়েছেন। যেসব আবেদনকারী অ্যাপয়েন্টমেন্ট কনফার্মেশন পাননি, তারা এ ভ্রাম্যমাণ কনস্যুলার মিশনে ভিসার আবেদন জমা দিতে পারবেন না।
আবেদনকারীদের অ্যাপয়েন্টমেন্টের নিশ্চয়তা ভালোভাবে যাচাই করে নির্ধারিত সব প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছে রোমানিয়া দূতাবাস।