ভিসার মেয়াদ এক বছরে উন্নীত
ওমরা যাত্রীদের জন্য সুখবর
পর্যটন খাতকে আরও গতিশীল করতে ওমরাহ ভিসার মেয়াদ এক বছর (৩৬৫ দিন) নির্ধারণ করেছে সৌদি আরব। নতুন ব্যবস্থার আওতায় ভিসাধারীরা এক বছরের মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ করতে পারবেন এবং প্রতিবার সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।
সোমবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)। প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘সৌদি ভিশন ২০৩০’-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে এই নতুন ভিসা নীতি চালু করা হচ্ছে।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিবার সৌদি আরবে প্রবেশের আগে ভিসাধারীদের সরকারি অনলাইন প্ল্যাটফর্ম ‘নুসুক’ থেকে একটি নির্ধারিত প্যাকেজ কিনতে হবে। তবে ওই প্যাকেজের মেয়াদ ভিসার অবশিষ্ট মেয়াদের চেয়ে বেশি হতে পারবে না। এছাড়া যাত্রার আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে উমরাহ পালনের অনুমতিপত্র (পারমিট) সংগ্রহ করাও বাধ্যতামূলক।