ফেসবুক-ইনস্টাগ্রামে বড় পরিবর্তনের আসতে পারে
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৮:২৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৬, ০৮:২৬ PM
শিশুদের মানসিক স্বাস্থ্য ও গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াসহ ৩০টি অঙ্গরাজ্যের করা মামলায় জুরি ট্রায়ালের মুখোমুখি হতে যাচ্ছে প্রযুক্তি জায়ান্ট মেটা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে বিচারক ইভন গনজালেস রজার্সের নেতৃত্বে মামলাটির বিচারপ্রক্রিয়া শুরু হতে যাচ্ছে। মামলায় মেটার বিরুদ্ধে ফেডারেল ও অঙ্গরাজ্যের শিশু সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি এক ট্রিলিয়ন ডলারের বেশি জরিমানা এবং ফেসবুক ও ইনস্টাগ্রামের কার্যপ্রণালিতে বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছেন বাদীপক্ষ।
মামলায় অঙ্গরাজ্যগুলোর অভিযোগ, ফেসবুক ও ইনস্টাগ্রামের বিভিন্ন অ্যালগরিদম ও ডিজাইন শিশু-কিশোরদের দীর্ঘ সময় প্ল্যাটফর্মে ধরে রাখার পাশাপাশি তাদের মধ্যে আসক্তি তৈরি করতে সহায়তা করে।
এ কারণে প্ল্যাটফর্মগুলোর বিভিন্ন ফিচারে পরিবর্তনের দাবি জানানো হয়েছে। এর মধ্যে লাইক গণনা বন্ধ, ইনফিনিট স্ক্রোল ও ভিডিওর স্বয়ংক্রিয় প্লেব্যাক বন্ধ, অবাস্তব ইমেজ ফিল্টার বাদ দেওয়া এবং একাধিক অ্যাকাউন্ট খোলার সুযোগ সীমিত করার মতো প্রস্তাব রয়েছে। পাশাপাশি ইনস্টাগ্রাম স্টোরিজের মতো নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে যায় এমন কনটেন্টের ফিচার বাতিল এবং অপ্রাপ্তবয়স্ক ব্যবহারকারীদের ক্ষেত্রে অভিভাবক যাচাই বাধ্যতামূলক করার দাবিও করা হয়েছে।
মেটা অবশ্য শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেছেন, তরুণ ব্যবহারকারীদের সহায়তা ও নিরাপত্তার বিষয়ে তারা দীর্ঘদিন ধরে কাজ করছে এবং আদালতে নিজেদের অবস্থান তুলে ধরবে।
এর আগে নিউ মেক্সিকোর একটি আদালত শিশুদের সুরক্ষা নিয়ে মেটার বিরুদ্ধে মামলায় প্রতিষ্ঠানটিকে ৯৪২ মিলিয়ন ডলার জরিমানা করেছিল। একই সঙ্গে আদালত মেটার কার্যক্রমকে জনস্বার্থের জন্য ক্ষতিকর বলেও মন্তব্য করে।
বিশেষজ্ঞদের মতে, ৩০টি অঙ্গরাজ্যের যৌথ মামলায় মেটা পরাজিত হলে যুক্তরাষ্ট্রে ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারের বর্তমান কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। এর প্রভাব সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা ও শিশু-কিশোরদের অনলাইন নিরাপত্তার ক্ষেত্রেও দীর্ঘমেয়াদি হতে পারে।