বিশ্বকাপের মধ্যেই ফিলিস্তিনি গোলকিপারকে হত্যা ইসরায়েলের
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৭:০১ PM , আপডেট: ০২ জুলাই ২০২৬, ০৭:০১ PM
বর্তমানে বিশ্বব্যাপী চলছে ফুটবল উন্মাদনা। এর মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। ইসরায়েলি বাহিনীর গুলিতে দক্ষিণ গাজার খান ইউনিসভিত্তিক ক্লাব খাদামাত খান ইউনিসের গোলকিপার সেলিম খাদের আল-আশকার নিহত হয়েছেন।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন এবং ফিলিস্তিনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার (২৯ জুন) খান ইউনিসের উত্তর-পূর্বাঞ্চলের আল-কারারা এলাকায় ইসরায়েলি বাহিনীর গুলিতে ৩২ বছর বয়সী এই গোলরক্ষক নিহত হন। ক্যারিয়ারে আশকার খাদামাত খান ইউনিসের পাশাপাশি আল-আকসা ও আল-মুসাদ্দার স্পোর্টস ক্লাবের জার্সিতেও খেলেছেন। স্থানীয় ফুটবলে তিনি একজন পরিচিত মুখ ছিলেন।
মাত্র পাঁচ মাস আগে বিয়ে করেছিলেন তিনি। স্ত্রী তাদের প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। সাত ভাইবোনের মধ্যে পরিবারের একমাত্র ছেলে ছিলেন তিনি। ফলে তার মৃত্যু পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
ফিলিস্তিনি ক্রীড়া মহলের তথ্যমতে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় সংঘাত শুরুর পর এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ক্রীড়া অঙ্গনের ১ হাজার ৯ জন সদস্য। তাদের মধ্যে ৫৬৭ জনই ফুটবলের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।