কোলের সেই ছোট্ট শিশুই মেসির পথের বাধা

মেসি-ইয়ামাল
  © সংগৃহীত

আটলান্টায় রোমাঞ্চকর সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফলে শিরোপার লড়াইয়ে আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে লিওনেল মেসির দল।

তবে এই ফাইনালকে ঘিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন দুই প্রজন্মের দুই তারকা–লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। বার্সেলোনার ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার মেসি এবং একই ক্লাবের বর্তমান বিস্ময়বালক ইয়ামাল এবারই প্রথম প্রতিপক্ষ হিসেবে মাঠে নামতে যাচ্ছেন। অথচ প্রায় ১৮ বছর আগে তাদের প্রথম দেখা হয়েছিল একেবারেই ভিন্ন এক প্রেক্ষাপটে।

ভাইরাল সেই ছবি

২০২৪ সালে ইয়ামালের উত্থানের সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় কয়েকটি পুরোনো ছবি। সেখানে দেখা যায়, একটি ছোট্ট বাথটাবে বসে থাকা শিশু ইয়ামালকে গোসল করাতে সাহায্য করছেন তরুণ লিওনেল মেসি। পাশে ছিলেন ইয়ামালের মা।

ছবিগুলো প্রথম প্রকাশ করেন ইয়ামালের বাবা। পরে সেগুলো ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও ফুটবল সাংবাদিকদের মাধ্যমে। আরও একটি ছবিতে দেখা যায়, ছোট্ট ইয়ামালকে কোলে নিয়ে বসে আছেন মেসি।

কীভাবে তোলা হয়েছিল সেই ছবি?

২০০৭ সালে বার্সেলোনা ও ইউনিসেফের যৌথ উদ্যোগে একটি দাতব্য ক্যালেন্ডারের ফটোশুটে তোলা হয়েছিল ছবিগুলো। কাতালান দৈনিক দিয়ারিও স্পোর্ট-এর আয়োজিত একটি লটারিতে বিজয়ী হয়ে ইয়ামালের পরিবার ক্যাম্প ন্যুতে সেই ফটোসেশনে অংশ নেওয়ার সুযোগ পায়।

ফ্রিল্যান্স আলোকচিত্রী জোয়ান মনফোর্ট পরে জানান, সে সময় ২০ বছর বয়সী মেসি ছিলেন বেশ লাজুক। পানিভর্তি ছোট্ট বাথটাবে থাকা শিশুটিকে কীভাবে কোলে নেবেন, সেটিও প্রথমে বুঝে উঠতে পারছিলেন না। পরে ইয়ামালের মা শেইলা ইবানার সহযোগিতায় সম্পন্ন হয় সেই স্মরণীয় ফটোশুট।

আবারও মুখোমুখি

সেই শিশুই আজ বিশ্বের অন্যতম সেরা তরুণ ফুটবলার। মাত্র ১৫ বছর বয়সে বার্সেলোনার মূল দলে অভিষেকের পর ইতোমধ্যে লা লিগা ও ইউরো চ্যাম্পিয়ন হয়েছেন ইয়ামাল। অন্যদিকে মেসি নিজের ক্যারিয়ারে বিশ্বকাপ, কোপা আমেরিকাসহ অসংখ্য শিরোপা জিতে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সম্প্রতি ক্রীড়াভিত্তিক প্ল্যাটফর্ম ডিএজেডএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইয়ামালও মেসির বিপক্ষে খেলার ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, ফিনালিসিমা না হওয়ায় বিশ্বকাপের ফাইনালই হতে পারে মেসির মুখোমুখি হওয়ার সবচেয়ে বড় সুযোগ।

এবার সেই অপেক্ষার অবসান। প্রায় দুই দশক আগে যে কিংবদন্তির কোলে বসেছিলেন ইয়ামাল, এবার বিশ্বকাপের শিরোপার লড়াইয়ে সেই মেসির বিপক্ষেই মাঠে নামতে যাচ্ছেন স্পেনের এই তরুণ তারকা। ফুটবলপ্রেমীদের কাছে এটি শুধু একটি ফাইনাল নয়, দুই প্রজন্মের দুই প্রতিভার এক ঐতিহাসিক দ্বৈরথও।


মন্তব্য