নতুন পুরস্কার আনছে ফিফা, পাবেন যারা
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:০২ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৬, ০৬:০২ PM
বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবার যুক্ত হচ্ছে নতুন এক ঐতিহ্য। আগামী ১৯ জুলাই নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের বিজয়ীরা শুধু সোনালি ট্রফি ও স্বর্ণপদকই নয়, প্রথমবারের মতো পাবেন বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’।
এবারই প্রথম ফিফা বিশ্বকাপে যুক্ত হচ্ছে আমেরিকান ক্রীড়াঙ্গনের জনপ্রিয় এই প্রথা। এনবিএ ও এনএফএলের মতো টুর্নামেন্টে দীর্ঘদিন ধরেই চ্যাম্পিয়ন দলকে স্মারক রিং দেওয়া হয়। সেই ঐতিহ্য এবার বিশ্বকাপ ফুটবলেও দেখা যাবে।
২০২৬ বিশ্বকাপকে স্মরণীয় করে রাখতে মোট ২,০২৬টি বিশেষ সংস্করণের রিং তৈরি করা হয়েছে। প্রতিটি রিংয়ে থাকবে আলাদা সিরিয়াল নম্বর। এর মধ্যে ৩০টি রিং বরাদ্দ থাকবে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের জন্য। বাকি ১,৯৯৬টি রিং ফিফার লাইসেন্সপ্রাপ্ত স্মারক হিসেবে বিশ্বজুড়ে সমর্থকদের জন্য বিক্রি করা হবে।
হাতে তৈরি এই বিশেষ রিংয়ের এক পাশে থাকবে ফিফা বিশ্বকাপ ট্রফির খোদাই, অন্য পাশে থাকবে চ্যাম্পিয়ন দলের ইতিহাস ও পরিচয়ভিত্তিক বিশেষ নকশা। প্রতিটি রিংয়ের সঙ্গে দেওয়া হবে সার্টিফিকেট অব অথেনটিসিটি।
ফাইনাল শেষে মাঠেই প্রতীকীভাবে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে দুটি রিং তুলে দেওয়া হবে। পরে খেলোয়াড় ও কোচিং স্টাফদের আঙুলের মাপ অনুযায়ী তৈরি করা কাস্টমাইজড রিং আনুষ্ঠানিকভাবে তাদের কাছে হস্তান্তর করা হবে।