স্পেন নাকি আর্জেন্টিনা, জাগুয়ার কী বলে

বিশ্বকাপ
  © সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের মহারণের শেষ লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন। আগামী রবিবার (১৯ জুলাই) যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে শিরোপা নির্ধারণী এই ম্যাচ। বিশ্বের শীর্ষ দুই র‍্যাঙ্কিংধারী দলের লড়াই ঘিরে উত্তেজনা তুঙ্গে। মাঠের প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি চলছে কে জিতবে-এ নিয়ে নানা ধরনের পূর্বাভাসও।

এবার সেই তালিকায় যোগ দিয়েছে ব্রাজিলের একটি জাগুয়ার। রিও ডি জেনেইরোর বায়ো পার্কের জাগুয়ার ‘পটি’ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে বেছে নিয়েছে।

বায়ো পার্ক কর্তৃপক্ষের আয়োজনে দুই দলের পতাকা লাগানো দুটি বাক্সের সামনে পটিকে ছেড়ে দেওয়া হয়। জাগুয়ারটি আর্জেন্টিনার পতাকা থাকা বাক্সটি বেছে নেয়। এর মাধ্যমেই আর্জেন্টিনা ফাইনালে স্পেনকে হারাবে এমন প্রতীকী ভবিষ্যদ্বাণী করা হয়েছে।

ফুটবল ম্যাচের ফল অনুমানের জন্য প্রাণী ব্যবহারের ঘটনা অবশ্য নতুন নয়। ২০১০ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে জার্মানির বিখ্যাত অক্টোপাস ‘পল’ একের পর এক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। সেই ঘটনার স্মৃতি থেকেই বড় ম্যাচের আগে প্রাণীর মাধ্যমে ভবিষ্যদ্বাণীর আয়োজন করে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান।

চলতি বিশ্বকাপেও এর আগে ভবিষ্যদ্বাণী করে আলোচনায় এসেছিল ব্রাজিলের একটি হাঙর ‘রিতিনিয়া’। এছাড়া মেক্সিকোতে হাতি, গরিলা ও জেব্রাসহ বিভিন্ন প্রাণীর মাধ্যমে কয়েকটি ম্যাচের সম্ভাব্য ফল জানার চেষ্টা করা হয়েছিল।

তবে প্রাণীর এই ধরনের পূর্বাভাস নিছক বিনোদন হিসেবেই দেখা হয়। আসল সিদ্ধান্ত হবে মেটলাইফ স্টেডিয়ামের মাঠে, যেখানে শিরোপার জন্য লড়বে বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম শক্তিশালী দুই দল আর্জেন্টিনা ও স্পেন।


মন্তব্য