ফাইনালের রেফারির ‘কালো অধ্যায়’
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৪ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৭:৪৪ PM
বিশ্বকাপের ফাইনাল পরিচালনার দায়িত্ব পাওয়ার পর আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন স্লোভেনিয়ার রেফারি স্লাভকো ভিনচিচ। ৪৬ বছর বয়সী এই অভিজ্ঞ ম্যাচ কর্মকর্তা আন্তর্জাতিক ফুটবলে দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করছেন এবং নিজ দেশের অন্যতম সেরা রেফারি হিসেবে পরিচিত।
২০১০ সাল থেকে ফিফা ও উয়েফার আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসছেন ভিনচিচ। এর আগে তিনি বড় মঞ্চের একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব পালন করেছেন। ২০২৩ সালের উয়েফা নেশনস লিগের স্পেন-ইতালি সেমিফাইনাল এবং ২০২৪ সালের রিয়াল মাদ্রিদ-বোরুসিয়া ডর্টমুন্ড চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালও পরিচালনা করেছেন তিনি।
আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার আসন্ন বিশ্বকাপ ফাইনাল হবে ভিনচিচের বিশ্বকাপে পরিচালিত ষষ্ঠ ম্যাচ। এর আগে ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার সৌদি আরবের বিপক্ষে ম্যাচসহ ওয়েলস-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি। চলমান ২০২৬ বিশ্বকাপেও ব্রাজিল-মরক্কো, জর্ডান-আলজেরিয়া এবং মেক্সিকো-ইকুয়েডর ম্যাচে দায়িত্ব পালন করেছেন এই স্লোভেনিয়ান রেফারি। এখন পর্যন্ত এবারের আসরে তিনি মোট ১৫টি হলুদ কার্ড ও একটি লাল কার্ড দেখিয়েছেন।
তবে বিশ্বকাপ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার আগে ভিনচিচের অতীতের একটি বিতর্কও নতুন করে আলোচনায় এসেছে। ২০২০ সালে বসনিয়া ও হার্জেগোভিনার বিয়েলজিনা শহরে একটি অভিযানের সময় তাকে আটক করা হয়েছিল। ওই ঘটনায় তার বিরুদ্ধে পতিতাবৃত্তি, মাদক ও অস্ত্র পাচার চক্রের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল।
পুলিশের ওই অভিযানে একটি কেবিন থেকে কয়েকজন নারী-পুরুষকে আটক করা হয়। সেখান থেকে ১৪ প্যাকেট কোকেন, ১০টি আগ্নেয়াস্ত্র, তিনটি বুলেটপ্রুফ ভেস্ট এবং ১০ হাজার ইউরোর বেশি নগদ অর্থ উদ্ধারের কথা জানিয়েছিল স্থানীয় পুলিশ। তবে ভিনচিচ শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করেন।
তখন তিনি দাবি করেন, একটি মধ্যাহ্নভোজের আমন্ত্রণে সেখানে গিয়েছিলেন এবং পুরো বিষয়টি ছিল একটি ভুল বোঝাবুঝি। তার ভাষ্য অনুযায়ী, ওই ঘটনার সঙ্গে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সম্পর্ক ছিল না। পরে স্লোভেনিয়ান ফুটবল ফেডারেশনও তার পাশে দাঁড়িয়ে ঘটনাটিকে ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে উল্লেখ করে।
এরপর অবশ্য ভিনচিচ আবারও নিজের ক্যারিয়ারকে এগিয়ে নিয়েছেন। ধারাবাহিকভাবে বড় বড় আন্তর্জাতিক ম্যাচ পরিচালনার মাধ্যমে তিনি উয়েফার শীর্ষ পর্যায়ের রেফারিদের একজন হিসেবে জায়গা করে নিয়েছেন। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের মতো মর্যাদাপূর্ণ ম্যাচ পরিচালনার অভিজ্ঞতাও তার রয়েছে।
রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে ভিনচিচের সঙ্গে মাঠে থাকবেন তার স্বদেশি দুই সহকারী রেফারি টমাজ ক্লানচনিক ও আন্দ্রাজ কোভাচিচ। চতুর্থ কর্মকর্তা হিসেবে থাকবেন জর্ডানের আদম মাখাদমেহ এবং রিজার্ভ সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আলকালাফ।
ফাইনালের মতো বিশ্বমঞ্চের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে ভিনচিচের সিদ্ধান্ত, নিয়ন্ত্রণ ক্ষমতা ও অভিজ্ঞতার দিকেই এখন নজর থাকবে ফুটবল বিশ্বের।