ফাইনালে কী ষড়যন্ত্র হয়েছিল?
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪২ PM , আপডেট: ২৩ জুলাই ২০২৬, ০৬:৪২ PM
বিশ্বকাপে টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখেছিল আর্জেন্টিনা। তবে ফাইনালে স্পেনের বিপক্ষে নিজেদের সেরা খেলাটা খেলতে পারেনি লিওনেল স্কালোনির দল। একপেশে লড়াইয়ে ১-০ গোলে হেরে শিরোপা হাতছাড়া করে আলবিসেলেস্তেরা। ম্যাচের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়লেও সেগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
ফাইনালে হারের পর এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া সামাজিক যোগাযোগমাধ্যমে এক খোলা চিঠিতে জাতীয় দল, কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের প্রতি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে সমর্থকদের উদ্দেশে তিনি অনুরোধ করেন, দলকে ঘিরে ছড়ানো বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিতে।
স্পেনের কৃতিত্ব স্বীকার করে তাপিয়া লেখেন, “আমরা স্পেনকে হারাতে পারিনি। তারা আমাদের চেয়ে ভালো ফুটবল খেলেছে এবং প্রাপ্যভাবেই জয় পেয়েছে। কোনো অজুহাত নেই। যেমন আমরা জয়কে মর্যাদার সঙ্গে গ্রহণ করি, তেমনি পরাজয়কেও সম্মান ও বিনয়ের সঙ্গে মেনে নিতে হবে।”
তিনি বলেন, ফাইনালে হারলেও পুরো টুর্নামেন্টজুড়ে আর্জেন্টিনা দল দেশের মানুষকে গর্বিত করেছে। তাঁর ভাষায়, “আমরা একটি ফাইনাল হেরেছি, কিন্তু এই দল আবারও পুরো দেশকে আনন্দে ভাসিয়েছে এবং প্রমাণ করেছে কেন তারা মানুষের কাছে এতটা বিশেষ।”
রানার্সআপ হওয়া নিয়ে হতাশা প্রকাশ করলেও বিশ্ব ফুটবলে আর্জেন্টিনার অবস্থান নিয়ে আত্মবিশ্বাসী তাপিয়া বলেন, “আমরা অত্যন্ত প্রতিযোগিতাপূর্ণ এবং সফল একটি দল। আমাদের কাছে রানার্সআপ হওয়া কখনোই যথেষ্ট নয়। তবু বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দল আমরা।”
টুর্নামেন্টজুড়ে খেলোয়াড় ও কোচিং স্টাফের ত্যাগের কথাও স্মরণ করেন এএফএ সভাপতি। তিনি বলেন, পরিবারের কাছ থেকে দূরে থেকে টানা ৫০ দিনের বেশি সময় ধরে সবাই একটিই লক্ষ্য নিয়ে কাজ করেছেন বিশ্বমঞ্চে আর্জেন্টিনাকে সর্বোচ্চ মর্যাদায় উপস্থাপন করা।
ফাইনালের আগে ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুঞ্জন এবং কথিত ষড়যন্ত্র তত্ত্বেরও জবাব দেন তাপিয়া। তিনি সমর্থকদের উদ্দেশে বলেন, “কোনো মিথ্যা তথ্য বা অপপ্রচারে কান দেবেন না। এসব কেবল আমাদের অস্থিতিশীল করার উদ্দেশ্যেই ছড়ানো হচ্ছে। যারা আর্জেন্টিনার ফুটবলকে এত কিছু দিয়েছে, তাদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা বন্ধ হওয়া উচিত।”
বার্তার শেষে তিনি খেলোয়াড়দের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “আজ তাদের ধন্যবাদ জানানোর, পাশে থাকার এবং তাদের ত্যাগকে সম্মান জানানোর সময়। এই দলের প্রতি মানুষের আস্থা, প্রতিশ্রুতি এবং লড়াইয়ের মানসিকতা অটুট থাকবে। কোনো অজুহাত নয়, আমরা শুধু ফুটবল খেলি। এই দল ভবিষ্যতেও গর্বের সঙ্গে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করবে।”