ভারতের পরিবর্তে বাংলাদেশ

বাংলাদেশ
  © সংগৃহীত

প্রথমবারের মতো ফিফার তত্ত্বাবধানে আয়োজিত হতে যাওয়া আসিয়ান কাপে বাংলাদেশের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। ফিফা ও টুর্নামেন্ট আয়োজকদের কাছ থেকে আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফের দায়িত্বশীল একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

আসন্ন টুর্নামেন্টে ভারতের খেলার কথা থাকলেও সেপ্টেম্বরে ব্রাজিলের বিপক্ষে ম্যাচ থাকায় তারা নাম প্রত্যাহার করে নেয়। এরপর ভারতের পরিবর্তে বাংলাদেশকে অংশগ্রহণের প্রস্তাব দেওয়া হয়। ফিফা বাংলাদেশের আগ্রহের বিষয়টি জানতে চাইলে গত শুক্রবার বাফুফের জাতীয় দল কমিটি জরুরি সভা করে টুর্নামেন্টে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর অপেক্ষা ছিল ফিফার আনুষ্ঠানিক অনুমোদনের। সেটিও পাওয়ায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আর কোনো অনিশ্চয়তা নেই।

গত কয়েক দিন ধরে আসিয়ান কাপে বাংলাদেশের খেলা নিয়ে আলোচনা চলছিল। জাতীয় দলের কোচ থমাস ডুলি হোমও টুর্নামেন্টে খেলার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন। বাফুফের জন্য এই টুর্নামেন্টে অংশ নিতে কোনো খরচও হবে না বলে জানা গেছে। ফলে ফিফার অনুমোদনের অপেক্ষায় ছিল বাফুফে।

আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত হবে ফিফা আসিয়ান কাপ। ভারত আগে ‘এ’ গ্রুপে ছিল। তাদের পরিবর্তে বাংলাদেশ অংশ নেওয়ায় একই গ্রুপে খেলবে বাংলাদেশ। গ্রুপের অন্য দলগুলো হলো স্বাগতিক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

টুর্নামেন্টে ভালো ফল করলে বাংলাদেশের জন্য আর্থিক পুরস্কারেরও সুযোগ রয়েছে। চ্যাম্পিয়ন দল বাংলাদেশি মুদ্রায় কয়েক কোটি টাকা প্রাইজমানি পাবে। এ ছাড়া সেমিফাইনালে ওঠা এবং ম্যাচ জয়ের জন্যও আলাদা অর্থ পুরস্কারের ব্যবস্থা রয়েছে।


মন্তব্য