ঢাকা কলেজেও ছাত্রদলের হামলা

ঢাকা কলেজ
  © সংগৃহীত

ঢাকা কলেজে জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত একটি কর্মসূচির প্রস্তুতিকালে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় ছাত্রশিবিরের এক নেতা আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। আহত আব্দুল মালেক ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অফিস সম্পাদক। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে ঢাকা কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এর আগে দুপুর দেড়টার দিকে কলেজ ক্যাম্পাসে মিছিল করেন ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক মোহাম্মদ মামুন অভিযোগ করেন, জুলাই গণ–অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে কলেজের গ্যালারি–২-এ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। ওই অনুষ্ঠানের প্রস্তুতির অংশ হিসেবে অফিস সম্পাদক আব্দুল মালেকের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী সাজসজ্জার কাজ করছিলেন। এ সময় ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পারভেজ মোশারফের নেতৃত্বে ২০ থেকে ২৫ জন নেতাকর্মী এসে তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে তিনি দাবি করেন।

তার অভিযোগ, হামলায় আব্দুল মালেকের মাথায় গুরুতর আঘাত লাগে। পরে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর ঢাকা কলেজের মূল ফটক এবং নায়েমের গলিতে লাঠিসোঁটা হাতে কয়েকশ ছাত্রদল নেতাকর্মীকে অবস্থান করতে দেখা যায়।

তবে এ অভিযোগের বিষয়ে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে ঘটনার বিষয়ে জানতে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুবের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য