চুয়েট শিক্ষার্থীদের নতুন কর্মসূচি
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৮ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন শিক্ষার্থীরা। একই সঙ্গে শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২৮ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানান, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ক্যাম্পাসে অধ্যাপক সায়েমের প্রতিকৃতি সংবলিত মুখোশ পরে ‘মুখোশ মিছিল’ ও বিক্ষোভ মিছিল করবেন তারা। পাশাপাশি অবস্থান কর্মসূচি ও সর্বাত্মক শাটডাউনও চলবে। তবে নিরাপত্তা শাখা, মেডিকেলসহ জরুরি ও মানবিক সেবাগুলো শাটডাউনের আওতামুক্ত থাকবে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২১ সেপ্টেম্বর প্রকাশিত প্রজ্ঞাপনে দায়িত্ব নেওয়ার ৫৬ দিনের মাথায় অধ্যাপক সায়েমকে পরিবর্তনের সিদ্ধান্ত জানানো হলেও এর কোনো কারণ উল্লেখ করা হয়নি। এরপর থেকে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ, সর্বাত্মক শাটডাউন, গণ-অবস্থান, গণস্বাক্ষর, মানববন্ধন, স্মারকলিপি, মশাল মিছিল, রেড কার্ড, গ্রাফিতি ও প্রতীকী প্রশ্নযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন শিক্ষার্থীরা।
আন্দোলনকারীদের দাবি, চুয়েটে প্রায় ৫ হাজার শিক্ষার্থী রয়েছেন এবং তাদের প্রায় ৯৯ শতাংশ অধ্যাপক সায়েমকে পুনর্বহালের দাবির সঙ্গে একাত্ম। তাদের ভাষ্য, এ আন্দোলন কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর বিরুদ্ধে নয়; বরং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ধারাবাহিকতা এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের সঙ্গে সংশ্লিষ্ট বিষয় থেকেই আন্দোলনের সূত্রপাত।
প্রেস বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণভাবে মতামত প্রকাশ ও দাবি জানানোর পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিভিন্নভাবে হুমকি, ভয়ভীতি ও চাপ প্রয়োগের অভিযোগও করেছেন আন্দোলনকারীরা। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
শিক্ষার্থীরা জানিয়েছেন, কোনো হুমকি বা চাপের কারণে আন্দোলন থেকে সরে যাবেন না। অধ্যাপক সায়েমকে পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন ও ঘোষিত কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তারা।
এদিকে সোমবার সকাল ৮টা থেকে চুয়েটের প্রধান ফটকে কমপ্লিট শাটডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। সকাল ৯টা থেকে প্রধান ফটকে ‘৫৬ বল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’ আয়োজন করা হয়। একই সঙ্গে একটি শ্বেতশাড়িতে অধ্যাপক সায়েমের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ঘটনার ‘গণসাক্ষ্য’ তুলে ধরার কর্মসূচিও পালন করা হয়।
দুপুর সাড়ে ১টায় শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর চাপ, ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন তারা। এ ছাড়া বিকেল ৫টা থেকে চুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনের কর্মসূচি রয়েছে।
আন্দোলনরত শিক্ষার্থীদের একমাত্র দাবি হিসেবে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে চুয়েটের উপাচার্য পদে পুনর্বহালের কথা উল্লেখ করা হয়েছে।