সাঈদ আল নোমানকে নাগরিক সংবর্ধনা দিল ওডিএমএস
- চট্টগ্রাম প্রতিনিধি:
- প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৭:৩৫ PM , আপডেট: ০২ মার্চ ২০২৬, ০৭:৪৭ PM
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১০ এর নবনির্বাচিত সংসদ সদস্য শিক্ষানুরাগী সাঈদ আল নোমানকে নাগরিক সংবর্ধনা দিয়েছে বেসরকারি সামািজক সংগঠন ওডিএমএস। রবিবার বন্দর নগরীর চট্টগ্রাম ক্লাব ব্যাংকুয়েট হলে জলবায়ু ও প্রাকৃতিক দূর্য্যেগ প্রশমন নিয়ে অনুষ্ঠিত এক সেমিনার শেষে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংগঠনের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্স ফ্যাকাল্টির সাবেক ডিন প্রফেসর শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য সাঈদ আল নোমান।
বক্তব্যে তিনি বলেন, ওডিএমএস-এর এই আয়োজন আমাকে অভিভূত করেছে। জনগণের রায় নিয়ে আমি যে দায়িত্ব পেয়েছি, তা পালনে আমি বদ্ধপরিকর। চট্টগ্রাম-১০ আসনের উন্নয়ন এবং এই শহরকে একটি বাসযোগ্য ও আধুনিক সিটি হিসেবে গড়ে তুলতে আমি নিরলস কাজ করে যাব। তিনি ওডিএমএস-এর মতো সামাজিক সংগঠনের গঠনমূলক কাজে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন।
‘ক্লিন, গ্রিন এবং ডিজাস্টার রেজিলিয়েন্ট সিটি’ শীর্ষক সেমিনার কী-নোট স্পিকার ছিলেন বি.জি.সি ট্রাস্ট ইউনিভার্সিটির ভি.সি প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া।
সংগঠনের সিইও এম.আর. চৌধুরী মিল্টনের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সাবেক প্রফেসর সিদ্দিক আহমেদ চৌধুরী, বি.জি.এম.ই.এ বিশ্ববিদ্যালয়ে ভি.সি ড. ওবায়দুল করিম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সিএমপির এডিশনাল কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, এডিশনাল ডি.আই.জি নাজমুল হাসান, উপসচিব সুমন দে, প্রেসক্লাব এর সাবেক সভাপতি ও ইতেফাক ব্যুরো চিফ সালাউদ্দিন রেজা, বিটিভি বার্তা প্রধান জাহিদুল ইসলাম, দৈনিক বাংলার বার্তা প্রধান ডেইজি মওদুদ, চট্টগ্রাম ওমেন চেম্বারের ডাইরেক্টার বেবি জামান, এন.জিও সংগঠক জেসমিন খানম, ব্যারিস্টার তারেক আকবর খন্দকার, দুদক এর পি.পি অ্যাডভোকেট করিম রনি, ড্যাব এর যুগ্ম মহাসচিব ডা. বেলায়েত হোসেন ঢালী, ইঞ্জিনিয়ার রাজীব দাস, চট্টগ্রাম ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার মাকসুদুল হক ও তত্ববধায়ক প্রকোশলী রুহুল আমিন প্রমুখ বক্তব্য দেন।
সেমিনারে কী-নোট স্পিকার প্রফেসর ড. মঞ্জুরুল কিবরিয়া তার প্রবন্ধে ক্লিন, গ্রিন ও ডিজেস্টার রেজিলিয়েন্ট শহরের ধারণা তুলে ধরে বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈজ্ঞানিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। তিনি দুর্যোগ সহনশীল শহর গড়তে নতুন এমপি মহোদয়ের সহায়তা কামনা করেন।