গ্যাস না পেয়ে সড়ক অবরোধ
- চট্টগ্রাম সংবাদদাতা
- প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:১০ PM , আপডেট: ১৫ আগস্ট ২০২৬, ০৬:১০ PM
চট্টগ্রামের কদমতলী এলাকায় সিএনজি না পাওয়ার অভিযোগে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজিচালিত অটোরিকশার চালকেরা। শনিবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে ফোর স্টার সিন্ডিকেট ফিলিং স্টেশনের সামনে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন তারা। পরে বিকেল ৪টার দিকে পুলিশ চালকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষুব্ধ চালকদের অভিযোগ, ঘণ্টার পর ঘণ্টা ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা অটোরিকশায় গ্যাস নিতে পারছেন না। তাদের দাবি, সাধারণ চালকদের দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হলেও সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে দ্রুত গ্যাস সরবরাহ করা হচ্ছে। এ নিয়ে ক্ষোভ থেকেই তারা সড়কে অবস্থান নেন।
চালকেরা জানান, গ্যাসের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে গিয়ে তাদের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। ফলে আয়-রোজগারও বন্ধ হয়ে যাচ্ছে।
আলী হোসেন এক চালক বলেন, সকাল থেকে গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে আছেন। কখন গ্যাস পাবেন, সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। গাড়ি চালিয়েই সংসারের খরচ চালাতে হয়। সারাদিন গ্যাসের অপেক্ষায় থাকলে পরিবারের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে।
আরেক চালক বলেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়েও তারা গ্যাস পাচ্ছেন না। অথচ সরকারি ও বিশেষ ব্যক্তিদের গাড়িতে গ্যাস সরবরাহ করা হচ্ছে বলে তারা দেখেছেন। সাধারণ চালকদের জন্য গ্যাস না থাকলে অন্য গাড়িতে কীভাবে সরবরাহ করা হচ্ছে, তা কর্তৃপক্ষের কাছে পরিষ্কার করার দাবি জানান তিনি।
এর আগে শুক্রবারও নগরের ষোলশহর এলাকায় একই দাবিতে সড়ক অবরোধ করেছিলেন কয়েক শ সিএনজিচালিত অটোরিকশার চালক। সেদিন মুরাদপুর থেকে দুই নম্বর গেইট পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চালকদের অভিযোগ ছিল, ২৪ ঘণ্টার বেশি সময় ফিলিং স্টেশনের সামনে অপেক্ষা করেও তারা গ্যাস পাননি।
শনিবারের অবরোধের খবর পেয়ে কোতোয়ালি থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পরে পুলিশ চালকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে বিকেল ৪টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নূর বলেন, গ্যাসের দাবিতে চালকেরা সড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছিলেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়।