চট্টগ্রামে বিআরটিএর অভিযানে ২ দালালকে কারাদণ্ড
- চট্টগ্রাম সংবাদদাতা
- প্রকাশ: ১৯ আগস্ট ২০২৬, ০৮:২৬ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৬, ০৯:০৯ PM
বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষের (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের আওতাধীন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইন না মানায় একাধিক যানবাহনকে জরিমানা ও একটি গাড়ি জব্দ করা হয়েছে।
বুধবার বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা মুস্তফার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে বিআরটিএ’র চট্টমেট্রো-২ ও জেলা কার্যালয় সংলগ্ন এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়েছে। দণ্ডপ্রাপ্তরা হলেন হাটহাজারী উপজেলার চিকনদন্ডী গ্রামের মাহাবুল আলমের ছেলে মো: রহিম (৪৬) এবং হাটহাজারী উপজেলার তৈয়বিয়া পাড়া গ্রামের মাহাবু আলমের ছেলে কায়সার আহমদ মুন্না (৩২)। তাদের একজনকে ২ মাস ও একজনকে ১ মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
এছাড়া,নগরীর বায়েজিদ লিংক রোড এলাকায় পৃথক অভিযানে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ১২টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ৪৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় একটি মোটরসাইকেলও আটক করা হয়।