প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত বৃদ্ধার মৃত্যু
- বগুড়া সংবাদদাতা
- প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ PM , আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ PM
বগুড়ার শিবগঞ্জে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবদুল বারীকে বহনকারী সরকারি গাড়ির ধাক্কায় আহত ফিরোজা বেগম (৬০) মারা গেছেন। শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আজ শুক্রবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফিরোজা বেগম ওই এলাকার মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, সরকারি সফরে ঢাকা থেকে নিজের সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে যাচ্ছিলেন প্রতিমন্ত্রী আবদুল বারী। গোপীনাথপুর এলাকায় সড়ক পার হওয়ার সময় ফিরোজা বেগমকে বহনকারী গাড়িটি ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ধানক্ষেতে পড়ে যায়। এ সময় গাড়িতে প্রতিমন্ত্রীর সহধর্মিণীও ছিলেন। দুর্ঘটনায় প্রতিমন্ত্রীও আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ফিরোজা বেগমকে উদ্ধার করে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর পৌনে ১২টার দিকে তার মৃত্যু হয়।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান, মরদেহ হাসপাতালের পুলিশ হেফাজতে রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।