চট্টগ্রামে ৫০ লাখ টাকা চাঁদা দাবিতে ভুয়া সাংবাদিক গ্রেফতার

চাঁদাবাজির
  © সংগৃহীত

‘তোর জায়গা–জমির ব্যবসা–বাণিজ্য ভালো চলছে। চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে আমাদের ৫০ লাখ টাকা চাঁদা দিতে হবে।’ এভাবে চাঁদার জন্য চট্টগ্রাম নগরে এক ব্যক্তিকে হুমকি দেওয়া হয়। হুমকির পর এলোপাতাড়ি মারধরও করা হয়েছে তাঁকে। এ ঘটনায় মামলার প্রধান আসামি আহমেদ কবিরকে আজ শনিবার বিকেলে নগরীর লালখান বাজার এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহমেদ কবির নিজেকে সাংবাদিক পরিচয় দেন বলে জানায় পুলিশ।

জানা গেছে, নগরীর খুলশী এলাকায় মোহাম্মদ সিরাজ নামে এক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার হওয়া কথিত সাংবাদিক আহমেদ কবীর একটি সংঘবদ্ধ চাঁদাবাজ চক্রের অন্যতম হোতা। তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযােগে নগরীর বিভিন্ন থানায় একাধিক অভিযোগ রয়েছে।

খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম বলেন, চাঁদাবাজির মামলায় একজনকে গ্রেফতার করা হয়েছে। গত বুধবার রাতে চট্টগ্রাম নগরীর গরীবউল্ল্যাহ হাউজিং সোসাইটির ডেবারপাড় এলাকায় মারধরের এ ঘটনা ঘটে। মারধরের শিকার মোহাম্মদ সিরাজ জায়গা-জমি বিক্রিতে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেন।

মারধরের শিকার মোহাম্মদ সিরাজ জানান, নগরীর বিভিন্ন এলাকায় জায়গা-জমি বিক্রির মধ্যস্থতা করি। এতে কমিশন হিসেবে টাকা পেয়ে থাকি। প্রায় তিন-চার মাস আগে আহমেদ কবিরের সঙ্গে পরিচয় হয়। ওই সময় থেকে সাংবাদিক নামধারী আহমেদ কবির আমার কাছ থেকে টাকা দাবি করে আসছিলেন। সম্প্রতি তারা আমার কাছে ৫০ লাখ টাকা দাবি করেন।

তিনি জানান, বুধবার রাতে বাজারে যাওয়ার জন্য বাসা থেকে নিচে নামলে আহমেদ কবিরের নেতৃত্বে চার থেকে পাঁচজন লোক বাসার নিচে আটকে চাঁদা দাবি করতে থাকে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এ সময় আশপাশের লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে আশপাশের লোকজনের সহায়তায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন বলে জানান মোহাম্মদ সিরাজ। এরপর গতকাল শুক্রবার খুলশী থানায় মামলা করেন।

এজাহারে বলা হয়, ঘটনার দিন বাসা থেকে ডেবারপাড় বাজারে যাওয়ার পথে কেডিএস বিল্ডিংয়ের পার্কিং এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ১ থেকে ৪ নম্বর আসামিসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন তাকে ঘেরাও করে পথরোধ করে।

তারা জানায়, চট্টগ্রাম শহরে ব্যবসা করতে হলে সাংবাদিক পরিচয়ধারী আহমেদ কবীরকে ৫০ লাখ টাকা দিতে হবে।


মন্তব্য