পিচ্চি আকাশ গ্রেপ্তার

পুলিশ
  © সংগৃহীত

চাঁদাবাজিসহ ১৮টি মামলার আসামি আকাশ ওরফে পিচ্চি আকাশকে (২৭) অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) রাতে জামালপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গাজীপুরের কালিয়াকৈর থানা পুলিশ।

শুক্রবার (৩১ জুলাই) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার পিচ্চি আকাশ সুনামগঞ্জের মধ্যনগর থানার জয়পুর এলাকার মজিবুর রহমানের ছেলে। তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উলুসাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ জানায়, পিচ্চি আকাশ তার সহযোগীদের নিয়ে মোটরসাইকেলে করে কালিয়াকৈরের বিভিন্ন শিল্পকারখানায় গিয়ে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা আদায় করতেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগীদের মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। আতঙ্কের কারণে অনেকেই তার বিরুদ্ধে মামলা করতে সাহস পাননি বলেও জানিয়েছে পুলিশ।

দীর্ঘদিন ধরে তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে জামালপুর সদর উপজেলার তিতপল্লা এলাকায় অভিযান চালিয়ে স্থানীয় সালামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, পিচ্চি আকাশের বিরুদ্ধে চাঁদাবাজিসহ মোট ১৮টি মামলা রয়েছে। তিনি কালিয়াকৈরের বিভিন্ন কারখানায় চাঁদাবাজির সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে উপজেলার হরতকীতলা জঙ্গল এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্রও উদ্ধার করা হয়েছে।


মন্তব্য