কমলো তেলের দাম

তেল
  © সংগৃহীত

ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার জেরে টানা ঊর্ধ্বমুখী থাকার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে। মঙ্গলবার (২১ জুলাই) আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) উভয় ধরনের অপরিশোধিত তেলের দাম আগের দিনের তুলনায় হ্রাস পায়।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্য উত্তেজনা এবং যুক্তরাষ্ট্রে আরও কঠোর মুদ্রানীতি গ্রহণের আশঙ্কায় বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ও জ্বালানির চাহিদা নিয়ে উদ্বেগ বেড়েছে। এর ফলে আন্তর্জাতিক তেলের বাজারে মূল্যচাপ সৃষ্টি হয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, ইয়েমেন থেকে আবারও অপরিশোধিত তেল রপ্তানি শুরু হওয়ার সম্ভাবনাও সরবরাহ বাড়ার ইঙ্গিত দিচ্ছে, যা তেলের দাম কমার অন্যতম কারণ।

সর্বশেষ তথ্যে দেখা গেছে, আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮৯ দশমিক ২২ ডলার থেকে কমে ৮৮ দশমিক ৭৫ ডলারে নেমেছে, যা আগের দিনের তুলনায় প্রায় শূন্য দশমিক ৫ শতাংশ কম।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৮২ দশমিক ৪৮ ডলার থেকে কমে ৮২ দশমিক ৩১ ডলারে দাঁড়িয়েছে। এ ক্ষেত্রে দাম কমেছে প্রায় শূন্য দশমিক ২ শতাংশ।

এদিকে সোমবার যুক্তরাষ্ট্র কানাডার কিছু পণ্যের ওপর অতিরিক্ত ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয়। ওয়াশিংটনের দাবি, মার্কিন পণ্যের প্রতি কানাডার কথিত বৈষম্যমূলক আচরণের জবাব হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, দুই দেশের বাণিজ্য উত্তেজনাও বৈশ্বিক বাজারে অনিশ্চয়তা বাড়িয়ে জ্বালানি তেলের দামে প্রভাব ফেলেছে।


মন্তব্য