কমলো স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাকন্ঠ ডেস্ক
- প্রকাশ: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ PM , আপডেট: ০৫ অক্টোবর ২০২৬, ০৫:৪৪ PM
দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার পরিপ্রেক্ষিতে সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নতুন দর নির্ধারণ করেছে সংগঠনটি।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টা থেকে নতুন এ দাম কার্যকর হয়েছে।
বাজুসের নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৬৪০ টাকা। সেই হিসাবে ১১ দশমিক ৬৬৪ গ্রাম বা এক ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ২৯ হাজার ৮১ টাকা।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণালঙ্কারের দাম ছিল ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। অর্থাৎ নতুন দরে প্রতি ভরিতে দাম কমেছে ১ হাজার ৬৯১ টাকা।
সোমবার বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় স্বর্ণ ও রুপার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন দর জানানো হয়।
নতুন দর অনুযায়ী, ২১ ক্যারেটের হলমার্ক করা প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম ভ্যাটসহ ১৮ হাজার ৭৬০ টাকা। ফলে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ২ লাখ ১৮ হাজার ৮১৭ টাকা।
এর আগে ৩০ সেপ্টেম্বর ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। অর্থাৎ নতুন দরে প্রতি ভরিতে কমেছে ১ হাজার ৫৭৪ টাকা।
এদিকে ১৮ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ১১০ টাকা। সে হিসাবে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৮৭ হাজার ৯০৭ টাকা।
আগের দর অনুযায়ী, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। ফলে নতুন দরে এ মানের স্বর্ণের ভরিতে দাম কমেছে ১ হাজার ৩৪১ টাকা।
বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, সনাতন পদ্ধতির প্রতি গ্রাম স্বর্ণালঙ্কারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ১৬০ টাকা। এতে প্রতি ভরির দাম দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৫৩ হাজার ৪৯৮ টাকা।
গত ৩০ সেপ্টেম্বর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৬০৬ টাকা। ফলে নতুন দরে প্রতি ভরিতে দাম কমেছে প্রায় ১ হাজার ১০৮ টাকা।