এসএসসির ফল প্রকাশ, কমেছে জিপিএ-৫ ও গড় পাসের হার
- বাংলাকন্ঠ রিপোর্ট
- প্রকাশ: ১০ আগস্ট ২০২৬, ০৫:১০ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৬, ০৫:১০ PM
২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এই হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।
এ বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন পরীক্ষার্থী। গত বছর জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন। ফলে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও উল্লেখযোগ্যভাবে কমেছে।
অন্যদিকে, ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। এসব বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন পরীক্ষার্থী।
চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ বোর্ডের অধীনে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন অংশ নেয়।
পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফল প্রকাশের পর কোনো পরীক্ষার্থী তার ফলাফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে অনলাইনে আবেদন করতে পারবে। এ জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে।