ফারিয়াকে যে প্রস্তাব দিতে সাহস পায়নি কেউ
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৫ জুলাই ২০২৬, ০৬:২৮ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৬, ০৬:২৮ PM
অভিনয়জীবনের দীর্ঘ ১৪ বছরে কোনো ধরনের অশালীন বা আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি হননি বলে জানিয়েছেন অভিনেত্রী শবনম ফারিয়া। একই সঙ্গে তাকে ঘিরে ছড়ানো ভিত্তিহীন গুজবের বিরুদ্ধে কঠোর সতর্কবার্তা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (১৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে শবনম ফারিয়া তার মিডিয়া ক্যারিয়ারের শুরুর দিকের নানা বিষয় তুলে ধরেন।
তিনি জানান, ২০১২ সালে পড়াশোনার পাশাপাশি ফটোশুট ও বিজ্ঞাপনে কাজের মাধ্যমে মিডিয়ায় যাত্রা শুরু করেন। পরের বছর, ২০১৩ সালে প্রথম টেলিফিল্মে অভিনয়ের সুযোগ পেলেও পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী স্নাতক শেষ না হওয়া পর্যন্ত নিয়মিত অভিনয় থেকে দূরে ছিলেন।
নিজের ক্যারিয়ার ও অভিজ্ঞতা তুলে ধরে অভিনেত্রী বলেন, দীর্ঘ সময়ের এই পথচলায় তিনি কখনো কোনো অনাকাঙ্ক্ষিত বা অশোভন প্রস্তাব পাননি। পাশাপাশি তাকে নিয়ে মিথ্যা তথ্য বা গুজব ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
তিনি জানান, ২০১৫ সালে স্নাতক শেষ করার পর ২০২০ সাল পর্যন্ত নিয়মিত অভিনয় করেন। এরপর করোনাভাইরাস পরিস্থিতি, ব্যক্তিগত জীবনের পরিবর্তন এবং পলিসিস্টিক ওভেরিয়ান সিনড্রোমের কারণে ওজন বেড়ে যাওয়ায় অভিনয় থেকে বিরতি নেন। এ সময় তিনি স্নাতকোত্তর সম্পন্ন করে চাকরিতে যোগ দেন।
স্ট্যাটাসে শবনম ফারিয়া দাবি করেন, আমি অনেক বড় গলায় বলতে পারি, এই দীর্ঘ ১৪ বছরে কেউ কোনো দিন, সরাসরি কিংবা আকারে-ইঙ্গিতে, আমাকে কোনো খারাপ প্রস্তাব দেয়নি কিংবা দেওয়ার সাহস পায়নি।
তার ভাষ্য, একজন মানুষকে তিনি যতটুকু সুযোগ দেন, অন্যরা ঠিক ততটুকুই তার কাছে পৌঁছাতে পারে। মিডিয়ার অধিকাংশ মানুষ তাকে স্নেহ করেন বলেও উল্লেখ করেন তিনি।
কাজের প্রসঙ্গে অভিনেত্রী বলেন, তিনি সবসময় পরিচালকের মাধ্যমে কাজ করেন। কোনো প্রযোজকের সঙ্গে কাজের বিষয়ে ব্যক্তিগতভাবে যোগাযোগ করেন না। পরিচালকের প্রয়োজন হলে তারাই যোগাযোগ করেন।
বাংলাদেশের পরিচালক-প্রযোজকদের নিয়ে প্রচলিত নানা ধারণারও সমালোচনা করেন শবনম ফারিয়া। তার দাবি, দেশে পরিচালক-প্রযোজকদের ব্যক্তিগত পার্টি আয়োজনের মতো সময় বা সুযোগ খুবই কম।
তাকে নিয়ে কেউ মিথ্যা বা আপত্তিকর তথ্য ছড়ানোর চেষ্টা করলে তার প্রমাণ প্রকাশ করবেন এবং প্রয়োজনে আইনি ব্যবস্থাও নেবেন বলে জানান এই অভিনেত্রী।
স্ট্যাটাসের শেষে গুজব রটনাকারীদের উদ্দেশে কড়া ভাষায় সতর্কবার্তা দিয়ে শবনম ফারিয়া লেখেন, ডায়নামাইটে হাত বাড়ালে ব্লাস্ট হবেই। তার দাবি, তাকে নিয়ে ভিত্তিহীন গুজব ছড়ানোর জন্য ভুল মানুষকে বেছে নেওয়া হয়েছে।