দুর্ধর্ষ প্রিয়াঙ্কা
- বাংলাকণ্ঠ ডেস্ক
- প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ PM , আপডেট: ১৮ জুলাই ২০২৬, ০৭:৩৩ PM
বলিউড থেকে হলিউড দুই ইন্ডাস্ট্রিতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারতীয় চলচ্চিত্রের গণ্ডি পেরিয়ে এখন তিনি আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ। বিশ্বজুড়ে রয়েছে তার জনপ্রিয়তা ও ব্যস্ততা। জন্মদিনে ভক্তদের জন্য নতুন চমক নিয়ে হাজির হয়েছেন এই অভিনেত্রী।
বিশেষ এই দিনে প্রিয়াঙ্কার নতুন লুক প্রকাশ করেছেন ভারতের অন্যতম আলোচিত নির্মাতা এস এস রাজামৌলি। তার নির্মাণাধীন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বারাণসী’-তে ‘মন্দাকিনী’ চরিত্রে অভিনয় করছেন প্রিয়াঙ্কা। জন্মদিন উপলক্ষে ছবিটির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে তার চরিত্রের দুটি বিশেষ স্থিরচিত্র।
‘বারাণসী’র অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রিয়াঙ্কার ছবি প্রকাশ করে লেখা হয়েছে, ‘আরও নতুন অভিযান, আরও আবিষ্কার এবং দিগন্তজোড়া যাত্রার জন্য।’
প্রকাশিত প্রথম ছবিতে সম্পূর্ণ ভিন্ন এক আবহে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। রহস্যময় ও শক্তিশালী উপস্থিতির এই লুকে কালো করসেট-ধাঁচের পোশাক, স্বচ্ছ লম্বা হাতা, এলোমেলো খোঁপা, স্মোকি আই মেকআপ এবং সবুজ পান্নার দুল ব্যবহার করা হয়েছে। ছবিতে তার তীক্ষ্ণ দৃষ্টি চরিত্রটির গভীরতা ও রহস্যকে আরও বাড়িয়ে তুলেছে।
অন্য স্থিরচিত্রে আবার সম্পূর্ণ আলাদা রূপে হাজির হয়েছেন এই অভিনেত্রী। সাদা ক্রপ টপ, বেইজ রঙের ঢিলেঢালা শার্ট ও কালো কার্গো প্যান্টে তাকে দেখা গেছে প্রাণবন্ত ভঙ্গিতে। পেছনে রয়েছে পাহাড়, সবুজ প্রান্তর এবং জেব্রা-জিরাফের উপস্থিতি, যা ছবিটির অ্যাডভেঞ্চারধর্মী আবহকে তুলে ধরে।
নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘বারাণসী’তে প্রিয়াঙ্কার চরিত্র মন্দাকিনী একজন দুর্ধর্ষ ও বিশ্বভ্রমণকারী নারী। চরিত্রটি একই সঙ্গে শক্তিশালী, আবেগপূর্ণ এবং দর্শকের মনে দীর্ঘদিন ধরে থাকার মতো করে তৈরি করা হয়েছে।
প্রিয়াঙ্কার নতুন লুক প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা। অনেকে ধারণা করছেন, তিনি হয়তো সিনেমাটিতে নেতিবাচক বা ধূসর চরিত্রে অভিনয় করছেন। কেউ কেউ তার অভিনয়জীবনের দীর্ঘ পথচলার প্রশংসা করে মন্তব্য করেছেন, এখনও তিনি নিজের সেরা সময় ধরে রেখেছেন।
‘আরআরআর’ সিনেমার আন্তর্জাতিক সাফল্যের পর এস এস রাজামৌলি আবারও বড় পরিসরের সিনেমা নিয়ে আসছেন। বিশাল বাজেট ও আন্তর্জাতিক মানের আয়োজন নিয়ে নির্মিত হচ্ছে ‘বারাণসী’। সিনেমাটিতে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে অভিনয় করছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেতা মহেশ বাবু ও পৃথ্বীরাজ সুকুমারন।
পৌরাণিক কাহিনি, ভারতীয় লোকগাথা এবং টাইম ট্রাভেলের মতো বিজ্ঞান কল্পকাহিনির উপাদান একসঙ্গে মিলিয়ে তৈরি হচ্ছে এই অ্যাডভেঞ্চারধর্মী সিনেমা। নির্মাতাদের প্রত্যাশা, ‘বারাণসী’ ভারতীয় সিনেমাকে আরও একবার বিশ্বমঞ্চে আলোচনায় আনবে। আগামী বছরের এপ্রিল মাসে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।