আইসিইউতে অভিনেত্রী মেঘলা
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৬:২৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৬, ০৭:০৯ PM
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মেঘলা মুক্তা সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে রাজধানীর একটি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)-এ চিকিৎসাধীন রয়েছেন। বর্তমানে তার জরুরি অস্ত্রোপচার চলছে। চিকিৎসকরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন।
মঙ্গলবার (২৯ জুলাই) অভিনেত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজের অ্যাডমিন প্যানেলের এক বিবৃতিতে বিষয়টি জানানো হয়। খবরটি প্রকাশের পর থেকেই বিনোদন অঙ্গনসহ ভক্ত-অনুরাগীদের মাঝে নেমে এসেছে গভীর উদ্বেগের ছায়া।
পোস্টে অ্যাডমিন প্যানেল উল্লেখ করে, ‘আমরা গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে, মেঘলা মুক্তা এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছেন। বর্তমানে তিনি আইসিইউতে রয়েছেন এবং তার অস্ত্রোপচার চলছে। এই কঠিন মুহূর্তে আমরা সবাইকে অনুরোধ করছি, যেন আপনারা তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করেন।’’
এতে আরও বলা হয়, ‘আমরা একটি সফল অস্ত্রোপচার এবং তার দ্রুত সুস্থতার প্রত্যাশা করছি। দয়া করে কোনো ধরনের ভিত্তিহীন তথ্য বা গুজব ছড়াবেন না। চিকিৎসকদের থেকে অফিসিয়াল তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা আপডেট জানিয়ে দেব। আপনাদের ভালোবাসা ও প্রার্থনার জন্য ধন্যবাদ।
পরিবার ও পেজ অ্যাডমিনদের পক্ষ থেকে কোনো ধরনের অপ্রমাণিত তথ্য বা গুজব না ছড়ানোর আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে দেশের সর্বস্তরের দর্শক ও শুভানুধ্যায়ীদের কাছে প্রিয় অভিনেত্রীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তারা।
উল্লেখ্য, মডেলিং ও র্যাম্পের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মেঘলা মুক্তা। পরে তেলেগু চলচ্চিত্র ‘সাকালা কালা ভাল্লাভুডু’-তে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। ঢালিউডে ‘পায়ের ছাপ’, ‘কাঠগোলাপ’ এবং ‘আগুনের পাখি’ সিনেমায় অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়ান তিনি। সম্প্রতি ‘চক্র ২’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে আবারও আলোচনায় আসেন এই অভিনেত্রী।