কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্য ইস্যুতে হুমার ক্ষোভ
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৩ আগস্ট ২০২৬, ০৫:১০ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৬, ০৫:১০ PM
ভারতের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’ মুক্তির আগেই আলোচনার কেন্দ্রে। গীতু মোহনদাস পরিচালিত এ ছবিতে ‘কেজিএফ’খ্যাত অভিনেতা যশের বিপরীতে অভিনয় করেছেন কিয়ারা আদভানি।
সম্প্রতি প্রকাশিত হয়েছে সিনেমাটির গান ‘তাবাহি’। গানে যশ ও কিয়ারার ঘনিষ্ঠ রসায়ন দর্শকদের নজর কাড়লেও সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা।
অনেক নেটিজেনের দাবি, বিবাহিত এবং সন্তান হওয়ার পর কিয়ারার এমন অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা উচিত হয়নি। এ নিয়ে অভিনেত্রীকে লক্ষ্য করে বিভিন্ন ধরনের কটাক্ষও করা হচ্ছে।
তবে সমালোচনার বিপরীতে কিয়ারার পাশে দাঁড়িয়েছেন বলিউডের বেশ কয়েকজন তারকা। এবার প্রকাশ্যে তার সমর্থনে কথা বলেছেন অভিনেত্রী হুমা কুরেশি, যিনি ‘টক্সিক’ সিনেমাতেও অভিনয় করেছেন।
হুমার মতে, যশ ও কিয়ারা দুজনেই বিবাহিত এবং সন্তানের জনক। তারপরও কেবল কিয়ারার সমালোচনা করা হয়েছে, যা উদ্দেশ্যপ্রণোদিত। হুমা বলেন, ‘এটা অসুস্থ মানসিকতা। একেবারেই ঘৃণ্য। তবে আমি মনে করি, এই সিনেমার সঙ্গে যুক্ত নারীরা, অভিনেত্রী ও পরিচালকই শেষ হাসিটা হাসবেন। কোনো কিছু ব্যাখ্যা বা সাফাই দেওয়ার চেষ্টা করে লাভ নেই। কারণ কথার মাধ্যমে মানুষের মানসিকতা বদলানো যায় না। বরং সিনেমাটিই তাদের হয়ে কথা বলবে।’
ওই সাক্ষাৎকারে হুমার সঙ্গে উপস্থিত ছিলেন তার ভাই ও অভিনেতা সাকিব সালিম। তিনিও হুমার কথার সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’ সিনেমায় যশ, কিয়ারা আদভানি ও হুমা কুরেশির পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন নয়নতারা, তারা সুতারিয়া এবং রুক্মিণী বসন্ত।
এ ছাড়া ছবির বিভিন্ন চরিত্রে দেখা যাবে অক্ষয় ওবেরয়, সুদেব নায়ের, অমিত তিওয়ারিসহ আরও কয়েকজন অভিনয়শিল্পীকে।
বহুল প্রতীক্ষিত এই সিনেমাটি আগামী ২৬ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে।