সাড়া পাচ্ছেন মালাইকা

মালাইকা
  © ফাইল ছবি

ছোট পর্দার উদীয়মান অভিনেত্রী মালাইকা চৌধুরী মনে করছেন, ভিন্নধর্মী গল্প ও শক্তিশালী চরিত্রেই নিজের অভিনয়জীবন গড়ে তুলতে চান তিনি। একই সঙ্গে অভিনয়ের পথে বড় বোন অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর সহযোগিতা ও পরিবারের সমর্থনকে নিজের সবচেয়ে বড় শক্তি বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে মালাইকা জানান, শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে তার নতুন নাটক ‘আমার রাজ্যে তুমি’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধেছেন অভিনেতা তৌসিফ মাহবুবের সঙ্গে।

নতুন নাটক প্রসঙ্গে তিনি বলেন, এটি প্রচলিত প্রেমের গল্প নয় বরং ভিন্ন স্বাদের একটি গল্প। নাটকে তার চরিত্রের নাম সাদিয়া জাহান বৃষ্টি। গল্পের গভীরতা এবং চরিত্রের কারণে দর্শক নাটকটি পছন্দ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

তৌসিফ মাহবুবের সঙ্গে কাজের অভিজ্ঞতা সম্পর্কে মালাইকা বলেন, অভিনয়ে নতুন হওয়ায় সহশিল্পী হিসেবে তৌসিফ তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। চরিত্র বোঝা, সংলাপ উপস্থাপন এবং দৃশ্যের প্রস্তুতিতে তিনি প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন, যা তার জন্য ইতিবাচক অভিজ্ঞতা ছিল।

বিজ্ঞাপনের মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করে নাটকে আসার পর দর্শকদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন বলেও জানান এই অভিনেত্রী। তিনি বলেন, দর্শকের ভালোবাসাই তাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়।

অভিনয়ে বড় বোন মেহজাবীন চৌধুরীর ভূমিকার কথাও তুলে ধরেন মালাইকা। তিনি জানান, নতুন কোনো কাজের প্রস্তাব বা চিত্রনাট্য পেলেই মেহজাবীনের সঙ্গে আলোচনা করেন। সংলাপ উপস্থাপন থেকে শুরু করে চরিত্র বিশ্লেষণ- বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করেন মেহজাবীন।

পরিবারের সমর্থনের বিষয়েও আবেগ প্রকাশ করেন মালাইকা। তার ভাষ্য, নতুন কোনো নাটক মুক্তি পেলেই পরিবারের সদস্যরা একসঙ্গে বসে সেটি দেখেন এবং তাকে উৎসাহ দেন। পরিবারের এই সমর্থন তাকে আরও আত্মবিশ্বাসী করে তোলে।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে অধ্যয়নরত মালাইকা বলেন, পড়াশোনার পাশাপাশি অভিনয় চালিয়ে যাচ্ছেন। তাই এখন তুলনামূলকভাবে বেছে বেছে কাজ করছেন। তবে ভালো গল্প, পছন্দের চরিত্র এবং মানসম্মত নির্মাণ পেলে নাটক, ওয়েব কনটেন্ট কিংবা সিনেমা- সব মাধ্যমেই কাজ করতে আগ্রহী তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মালাইকা বলেন, এখনই দীর্ঘমেয়াদি কোনো সিদ্ধান্ত নিতে চান না। তবে দর্শকদের ভালোবাসা পেলে অভিনয়জীবন এগিয়ে নিতে চান এবং নিয়মিত ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করবেন।


মন্তব্য