বুলিংয়ের শিকার গায়িকা
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৪ আগস্ট ২০২৬, ০৬:২৪ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৬, ০৬:২৪ PM
ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও সরকারি নীতির সমালোচনা করে সামাজিক মাধ্যমে নিজের মতামত প্রকাশের পর তীব্র সাইবার বুলিংয়ের মুখে পড়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী মোনালি ঠাকুর। এক ভিডিওবার্তায় তিনি অভিযোগ করেন, মতপ্রকাশের অধিকার চর্চা করায় তাকে এবং তার পরিবারকে অশালীন ভাষায় আক্রমণ করা হচ্ছে।
সম্প্রতি প্রকাশিত ওই ভিডিওতে মোনালি বলেন, দেশের বর্তমান সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি তাকে মানসিকভাবে অস্থির করে তুলেছে। দীর্ঘদিন ধরেই বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি।
তিনি বলেন, বহুবার ভিডিও ধারণের চেষ্টা করেও তা প্রকাশ করতে পারেননি। কারণ প্রতিবারই ক্ষোভ ও হতাশা সামনে চলে এসেছে। তার ভাষায়, দেশে ধীরে ধীরে ভয়, বিদ্বেষ ও উপেক্ষার একটি পরিবেশ তৈরি হচ্ছে, যা উদ্বেগজনক।
সামাজিক মাধ্যমে নিজের মত প্রকাশের পর যেভাবে ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন, সে বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই শিল্পী। তিনি বলেন, মৌলিক অধিকার হিসেবে নিজের মতামত প্রকাশ করতেই তাকে চুপ করিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। শুধু তাকেই নয়, তার মাকেও কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ করা হয়েছে। এ ধরনের আচরণকে তিনি কোনোভাবেই ক্ষমার যোগ্য মনে করেন না।
ভিডিওবার্তায় মোনালি অপরিকল্পিত নগরায়ণের সমালোচনার পাশাপাশি সাম্প্রতিক আন্দোলনে অংশ নেওয়া ‘জেন জি’ বা নতুন প্রজন্মের তরুণদেরও ধন্যবাদ জানান।
সম্প্রতি ভারতে প্রশ্নপত্র ফাঁস এবং সরকারের বিভিন্ন নীতিকে ঘিরে শিক্ষার্থী ও তরুণদের আন্দোলনের প্রেক্ষাপটে দেশটির অনেক তারকা ও বিশিষ্ট ব্যক্তি নিজেদের মতামত প্রকাশ করেছেন। সেই ধারাবাহিকতায় মোনালি ঠাকুরের বক্তব্যও সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।