৫ আগস্ট কী করেছিলেন বাঁধন?
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৬:২৮ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৭:১৬ PM
ঐতিহাসিক গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে ২০২৪ সালের ৫ আগস্টের স্মৃতি তুলে ধরেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তার ভাষ্য, দিনটির প্রতিটি মুহূর্ত ছিল ভয়, অনিশ্চয়তা, স্বস্তি ও বিজয়ের অনুভূতির এক অনন্য মিশ্রণ।
বাঁধন বলেন, ৫ আগস্টকে তিনি দুটি ভাগে দেখেন সেনাপ্রধানের ভাষণের আগের সময় এবং ভাষণের পরের সময়। তার ভাষায়, সকালে কারফিউ থাকায় পরিবারের সদস্যরা তাকে বাইরে যেতে নিষেধ করেছিলেন। বিশেষ করে তার বাবার আশঙ্কা ছিল, সেনাবাহিনী অভিযান চালালে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। কিন্তু দায়িত্ববোধ থেকেই তিনি ঘরে থাকেননি।
তিনি জানান, সকাল সাড়ে ১০টার দিকে বাসা থেকে বের হয়ে মিরপুর-১০ থেকে কালশী ফ্লাইওভার পর্যন্ত হেঁটে যান। চারদিক থেকে মানুষের ঢল নামতে দেখে একই সঙ্গে ভয়, উৎকণ্ঠা ও আশার অনুভূতি কাজ করছিল। তার আশঙ্কা ছিল, যে কোনো মুহূর্তে গুলি শুরু হতে পারে।
অভিনেত্রীর ভাষ্য, দুপুরের দিকে সেনাপ্রধানের ভাষণের খবর পাওয়ার পর পরিস্থিতি বদলাতে শুরু করে। এরপর শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন এ খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর বিভিন্ন এলাকায় আনন্দ-উল্লাসের পরিবেশ সৃষ্টি হয়। মানুষ একে অপরকে জড়িয়ে ধরছিল, হাসছিল, কাঁদছিল এবং বিজয়ের আনন্দ ভাগাভাগি করছিল।
বাঁধন জানান, ওই দিন তিনি রিকশায় করে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। শাহবাগ, কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্থানে যান। গণভবনের দিকে যাওয়ার চেষ্টা করলেও সেখানে পৌঁছাতে পারেননি। পরে খামারবাড়িতে আন্দোলনে যুক্ত সহযোদ্ধাদের সঙ্গে দেখা করেন এবং এক্সপ্রেসওয়ে হয়ে বাসায় ফেরেন।
তার ভাষায়, মানুষের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস ও বিজয় উদযাপনের সেই দৃশ্য ছিল জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা। এমন একটি মুহূর্তের সাক্ষী হওয়াকে তিনি ‘জীবনে একবারই পাওয়া যায়’ এমন অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন।