থমথমে জবি ক্যাম্পাস
- জবি সংবাদদাতা
- প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৭ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ০৭:২৭ PM
ছাত্রদল ও ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্যাম্পাসজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নিরাপত্তাকর্মীদের টহল জোরদার করা হয়েছে এবং প্রবেশপথে পরিচয়পত্র যাচাই করে সীমিত আকারে ক্যাম্পাসে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে।
বুধবার (৫ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সরকারি ছুটির কারণে সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপস্থিতি তুলনামূলক কম। কেন্দ্রীয় লাইব্রেরি ও উন্মুক্ত লাইব্রেরিও বন্ধ থাকায় প্রয়োজনীয় বই ও গবেষণাসামগ্রী ব্যবহার করতে না পেরে ভোগান্তির কথা জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।
সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী নাজমুল হোসেন বলেন, সংঘর্ষের পর ক্যাম্পাসে এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। উন্মুক্ত লাইব্রেরি বন্ধ থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটেছে। প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী মুজাহিদও বলেন, সরকারি ছুটির দিনেও সাধারণত উন্মুক্ত লাইব্রেরি খোলা থাকে। এটি বন্ধ থাকায় শিক্ষার্থীরা অসুবিধায় পড়েছেন।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের দাবি, জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় বিশ্ববিদ্যালয় বন্ধ ছিল। এ কারণে কেন্দ্রীয় ও উন্মুক্তদুই লাইব্রেরিই বন্ধ রাখা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, সরকারি ছুটির কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকাই স্বাভাবিক। নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসে প্রবেশও সীমিত করা হয়েছে। একই কারণে লাইব্রেরিগুলোও বন্ধ রাখা হয়েছে।
এদিকে কড়া নিরাপত্তার মধ্যেই ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা। সংগঠনটির দাবি, ছাত্রশক্তি, জকসু, ছাত্রশিবির, ছাত্রফ্রন্ট, ইনকিলাব মঞ্চ ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
এ বিষয়ে উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকায় ক্যাম্পাসের ভেতরে কোনো ধরনের কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হবে না। তবে জাতীয় ছাত্রশক্তির জবি শাখার সভাপতি শাহীন মিয়া জানিয়েছেন, প্রশাসন বাধা দিলে তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে কর্মসূচি পালন করবেন।
উল্লেখ্য, মঙ্গলবার (৪ আগস্ট) দ্বিতীয় ক্যাম্পাস-সংক্রান্ত তিন দফা দাবিতে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু), ছাত্রশিবির, ছাত্রশক্তি, ছাত্রফ্রন্ট ও ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে শাখা ছাত্রদলের সংঘর্ষ হয়। পরে সংঘর্ষ ক্যাম্পাস ছাড়িয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল পর্যন্ত ছড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হন। ঘটনার জন্য একে অপরকে দায়ী করেছে দুই পক্ষ।
সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, ৫ ও ৬ আগস্ট ক্যাম্পাসে কড়া নিরাপত্তা ব্যবস্থা বহাল থাকবে। পুলিশ প্রশাসনের সহযোগিতায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হবে এবং আহত শিক্ষার্থীদের চিকিৎসায় কোনো ধরনের বৈষম্য করা হবে না।