মুখ খুললেন শাকিব খান
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ০৪:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৬, ০৪:২৫ PM
ঢালিউডের জনপ্রিয় অভিনেতা শাকিব খানকে ঘিরে ভক্ত-অনুরাগীদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার ব্যক্তিজীবন নিয়ে বরাবরই কৌতূহল থাকে দর্শকদের। এবার এক সাক্ষাৎকারে নিজের অতীতের একটি ‘অপূর্ণ প্রেম’ এবং ব্যক্তিজীবনের নানা ঘটনা নিয়ে কথা বলেছেন এই অভিনেতা।
দুই যুগেরও বেশি সময়ের ক্যারিয়ারের নানা অভিজ্ঞতা, ব্যক্তিজীবনের টানাপোড়েন এবং চলচ্চিত্রশিল্পের বিভিন্ন বিষয় নিয়ে সাক্ষাৎকারে খোলামেলা আলোচনা করেন শাকিব খান।
অতীতের কিছু ঘটনা স্মরণ করে আক্ষেপও প্রকাশ করেন তিনি। তার ভাষায়, ব্যক্তিজীবনে এমন অনেক কিছু ঘটেছে, যেগুলো ছিল তার ‘সম্পূর্ণ ভুল’। তবে ঠিক কোন ঘটনাগুলোকে তিনি ভুল হিসেবে উল্লেখ করেছেন, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।
সাক্ষাৎকারে নিজের ‘অপূর্ণ প্রেম’-এর কথাও তুলে ধরেন শাকিব খান। তবে সেই সম্পর্কের বিষয়ে বিস্তারিত তথ্য বা সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি তিনি।
অতীতের নানা অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার কথাই উঠে এসেছে তার বক্তব্যে। দীর্ঘ অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা ওঠানামাও যে তার পথচলার গুরুত্বপূর্ণ অংশ, সাক্ষাৎকারে সেই বিষয়টিই তুলে ধরেছেন ঢালিউডের এই তারকা।
ব্যক্তিজীবনে কোনো ভুল করেছেন কিনা?—এমন প্রশ্নের উত্তরে জীবনে অনেক ভুল করেছেন জানিয়ে শাকিব খান বলেন, অনেক ভুল করেছি। অনেক সময় মনে হয়, এমন ভুল না করলেও পারতাম। অনেক কথা আমি বলার আগেই মানুষ জেনে যায়। আমার বলা পর্যন্ত আর অপেক্ষা করতে হয় না। যতটুকু বলার বলছি, অনেক সময় পেছন ফিরে তাকালে আফসোস লাগে বলে জানান এ অভিনেতা।
তিনি বলেন, সেই ভুলগুলো না হলে ব্যাপারটা এখন হয়তো আরও স্মুথ হতে পারত। আসলে ভুল আমাদের প্রত্যেক মানুষেরই হয়।
শাকিব খান বলেন, নিভৃতে যখন নিজের সঙ্গে বসি, তখন সেই হিসাব-নিকাশগুলো আমাকে পীড়া দেয়। কিন্তু কি আর করব, অনেক কিছু চাইলেও তো চেঞ্জ করা সম্ভব না, হাতে নেই আমাদের। তিনি বলেন, যখন জেনে যাই এটা ভুল, তখন জেনেশুনে সেটা আর করা যায় না, আর সম্ভাবনা নেই।
শাকিব খানের দুই স্ত্রী অপু বিশ্বাস ও শবনম বুবলীকে নিয়েও প্রশ্ন করেন সঞ্চালক। উত্তরে কিং খান বলেন, তারা দুজন আমার লাইফের পার্ট। তবে আমি কিছু বলতে চাই না তাদের নিয়ে। আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখি। তাদের সতর্ক করা হয় কিনা—এমন প্রশ্নের উত্তরে শাকিব খান বলেন, তাদের সঙ্গে দেখা হলে মাঝে মাঝে বলি।
কিং খান বলেন, আজকাল কোনো ঘটনা ঘটার আগেই তা দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক সময় আজব সব ঘটনার সঙ্গে তার নাম জড়িয়ে দেওয়া হয়, যার সঙ্গে বাস্তবে তার কোনো সম্পর্কই নেই। এসব অতিরঞ্জিত প্রচারের কারণেই তিনি এখন অনেকটা অন্তর্মুখী হয়ে গেছেন বলেও জানান শাকিব খান।
উল্লেখ্য, ‘সোলজার’ সিনেমা নিয়ে শাকিব খান। আগামী অক্টোবরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে সিনেমাটি।