পাকিস্তানি অভিনেত্রীকে নিয়ে সমালোচনা

অভিনেত্রী
  © ফাইল ছবি

পাকিস্তানি অভিনেত্রী দুরেফিশান সেলিমকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের সমালোচনা নতুন করে আলোচনায় এসেছে। সম্প্রতি প্রচারিত ‘দার-ই-নিজাত’ ধারাবাহিকে তার ইংরেজি সংলাপ বলার ধরন নিয়ে দর্শকদের একাংশের সমালোচনার পর বিষয়টি ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে পৌঁছায়। এমন পরিস্থিতিতে সহশিল্পীর পাশে দাঁড়িয়েছেন অভিনেত্রী সানাম সাইদ।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে সানাম সাইদ বলেন, কোনো শিল্পীর উচ্চারণ বা সংলাপ উপস্থাপনের ধরন নিয়ে এভাবে উপহাস করা অযৌক্তিক। বিভিন্ন প্ল্যাটফর্মে দুরেফিশানকে যেভাবে লক্ষ্যবস্তু করা হচ্ছে, তা নির্মম ও অসংবেদনশীল আচরণের পরিচয় বলেও মন্তব্য করেন তিনি।

‘দার-ই-নিজাত’-এ দুরেফিশানের চরিত্রের নাম জারিয়াব। সম্ভ্রান্ত পরিবারের এই তরুণী যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার প্রস্তুতি নিচ্ছে। চরিত্রের প্রয়োজনে তাকে উর্দু ও ইংরেজি মিলিয়ে কথা বলতে দেখা যায়।

তবে দর্শকদের একটি অংশের দাবি, বিতর্কের মূল কারণ দুরেফিশানের উচ্চারণ নয়; বরং নাটকের দুর্বল চিত্রনাট্য ও সংলাপ। তাঁদের মতে, একটি চরিত্রকে বিশ্বাসযোগ্য করে তুলতে শক্তিশালী সংলাপ গুরুত্বপূর্ণ। চিত্রনাট্য দুর্বল হলে অভিনয়শিল্পীর পক্ষেও চরিত্রটিকে যথাযথভাবে ফুটিয়ে তোলা কঠিন।

অন্যদিকে আরেকটি অংশ মনে করছে, চিত্রনাট্যের দুর্বলতা নিয়ে সমালোচনা করা ব্যক্তিগত আক্রমণ নয়; বরং এটি গঠনমূলক সমালোচনার অংশ।

অভিনয় নিয়ে সমালোচনা স্বাভাবিক হলেও সেটি ব্যক্তিগত আক্রমণে পরিণত হওয়া কতটা গ্রহণযোগ্য—সানাম সাইদের এমন বক্তব্যের পর বিষয়টি পাকিস্তানের বিনোদন অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।

এর আগে ‘ইশক মুর্শেদ’ নাটকে বিলাল আব্বাস খানের বিপরীতে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পান দুরেফিশান সেলিম। সম্প্রতি ‘কাফিল’ ধারাবাহিকেও ‘জেব’ চরিত্রে দেখা গেছে তাকে।


মন্তব্য