ভক্তদের সুখবর দিলেন মৌ খান

মৌ খান
  © সংগৃহীত

নতুন ওয়েব ফিল্ম নিয়ে হাজির হচ্ছেন চিত্রনায়িকা মৌ খান। থ্রিলার ও অ্যাকশন ঘরানার ‘শিকারি’ নামের এই ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন মেহেদী হাসান। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো ওয়েব ফিল্মে অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী।

‘শিকারি’র গল্প গড়ে উঠেছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, অপরাধজগত ও একটি রোমাঞ্চকর মিশনকে ঘিরে। এতে রহস্যময় ও বুদ্ধিদীপ্ত একটি চরিত্রে দেখা যাবে মৌ খানকে। চরিত্রের প্রয়োজনে অ্যাকশন ও নাটকীয় বিভিন্ন দৃশ্যেও অভিনয় করেছেন তিনি।

নিজের চরিত্র নিয়ে মৌ খান বলেন, ‘শিকারি’র চিত্রনাট্য হাতে পাওয়ার পর এক বসাতেই পড়ে শেষ করেছিলেন তিনি। গল্পের নানা টুইস্ট দর্শকদের শেষ পর্যন্ত আগ্রহ ধরে রাখবে বলেও মনে করেন অভিনেত্রী। তাঁর ভাষ্য, এই ওয়েব ফিল্মে দর্শক তাঁকে ভিন্ন লুক ও নতুন আবহে দেখতে পাবেন। চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছেন জানিয়ে দর্শকদের ভালো লাগার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

২০১৯ সালে ‘প্রতিশোধের আগুন’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মৌ খানের। এরপর ‘বান্ধব’, ‘বাহাদুরি’ এবং ডিপজলের সঙ্গে ‘যেমন জামাই তেমন বউ’ সিনেমায় অভিনয় করে পরিচিতি পান তিনি। এর আগে শাহীন সুমনের পরিচালনায় ‘মাফিয়া’ ওয়েব ফিল্মেও অভিনয় করেছেন এই অভিনেত্রী।

প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, ‘শিকারি’র শুটিং ও কারিগরি কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। ওটিটি দর্শকদের কথা মাথায় রেখে আধুনিক নির্মাণশৈলীতে এটি নির্মাণ করা হয়েছে। খুব শিগগিরই একটি ওটিটি প্ল্যাটফর্মে ওয়েব ফিল্মটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন মৌ খান। বর্তমানে তাঁর অভিনীত ‘চাইল্ড অব দ্য স্টেশন’ সিনেমার নির্মাণকাজ চলছে। জাফর আল মামুন পরিচালিত সিনেমাটিতে তাঁর সহশিল্পী ইমতিয়াজ বর্ষণ।

এদিকে মুক্তির অপেক্ষায় রয়েছে মৌ খান অভিনীত ‘বাংলার হারকিউলিস’, ‘বাহাদুরী’ ও ‘তবুও প্রেম দামি’। এছাড়া আগামী ৯ অক্টোবর তাঁর অভিনীত ‘স্নেহের বন্ধন’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।


মন্তব্য