রোশান-পূজার সাইকো
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫০ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫০ PM
প্রেক্ষাগৃহে মুক্তির প্রায় চার বছর পর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে চিত্রনায়ক জিয়াউল রোশান ও চিত্রনায়িকা পূজা চেরী অভিনীত সিনেমা ‘সাইকো’।
অনন্য মামুন পরিচালিত থ্রিলারধর্মী সিনেমাটি এখন ওটিটি প্ল্যাটফর্ম ‘আইস্ক্রিন’-এ দেখা যাচ্ছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টের মাধ্যমে সিনেমাটি স্ট্রিমিংয়ের বিষয়টি নিশ্চিত করেছে আইস্ক্রিন কর্তৃপক্ষ।
‘সাইকো’র গল্পে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠান থেকে হঠাৎ অপহৃত হন এক মন্ত্রীর মেয়ে। শুরুতে ঘটনাটিকে পুরোনো রাজনৈতিক শত্রুতার জেরে প্রতিশোধ হিসেবে মনে করা হলেও গল্প এগোনোর সঙ্গে সঙ্গে একের পর এক রহস্য সামনে আসতে থাকে।
এরই মধ্যে গল্পে আবির্ভাব ঘটে এক রহস্যময় যুবকের, যার আচরণে রয়েছে ‘সাইকো’ স্বভাবের ছাপ। অপহরণের ঘটনাকে কেন্দ্র করে ধীরে ধীরে জটিল হতে থাকে কাহিনি।
২০২২ সালের কোরবানির ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল ‘সাইকো’। রোশান ও পূজা চেরী ছাড়াও সিনেমাটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ফারহান খান রিও, রোজী সিদ্দিকী ও সুব্রত।