‘সেপারেশনে’ পরীমণি
- বিনোদন ডেস্ক
- প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM , আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ PM
গিয়াস উদ্দিন সেলিমের হাত ধরে চলচ্চিত্রে নতুনভাবে আলোচনায় এসেছিলেন পরীমনি। ‘স্বপ্নজাল’-এর শুভ্রা থেকে ‘গুণিন’-এর রাবেয়া—সেলিমের নির্মাণে ভিন্ন ভিন্ন চরিত্রে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার আবারও এই নির্মাতার নতুন কাজের সঙ্গে যুক্ত হলেন তিনি।
গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় ‘সেপারেশন’ নামের নতুন ওয়েব ফিকশনে অভিনয় করছেন পরীমনি। এতে তার সঙ্গে থাকছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকেও।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করে নতুন কাজটির খবর নিজেই জানিয়েছেন পরীমনি। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিসমিল্লাহ, সেপারেশন গিয়াস উদ্দিন সেলিম।’
ইতোমধ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় ওয়েব ফিকশনটির শুটিং শুরু হয়েছে। তবে এতে পরীমনির চরিত্র কিংবা গল্পের বিস্তারিত এখনো প্রকাশ করেননি নির্মাতারা।
ফলে নতুন ওয়েব ফিকশনে পরীমনিকে কী ধরনের চরিত্রে দেখা যাবে, তা নিয়ে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে। ‘সেপারেশন’ মুক্তি পাবে আইসক্রিন প্ল্যাটফর্মে।