মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু নিয়ে সর্বশেষ

মালয়েশিয়া
  © সংগৃহীত

মালয়েশিয়ার বন্ধ থাকা শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব মো. মোখতার আহমেদ।

আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সচিবের কাছে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে দাবির পক্ষে স্মারকলিপি দেন অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) সাবেক সদস্যরা। পরে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার শ্রমবাজার অগ্রাধিকার দিয়ে সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর লক্ষ্যে কাজ করছে সরকার। এ বিষয়ে দুই দেশের মন্ত্রী পর্যায়ে একাধিক বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানও প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে বৈঠকে বিষয়টি তুলে ধরেছেন।

সচিব বলেন, মালয়েশিয়ার শ্রমবাজার চালুর প্রক্রিয়া বর্তমানে চলমান। তবে এ সুযোগে কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। দালাল ও প্রতারক চক্রের হাত থেকে কর্মীদের রক্ষায় মন্ত্রণালয় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ইতোমধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় ‘ত্রিপল এ ওভারসিজ’-এর অফিস সিলগালা, জরিমানা এবং তিন বক্স পাসপোর্ট জব্দ করা হয়েছে।

মোখতার আহমেদ বলেন, ঠিক কোন প্রক্রিয়ায় মালয়েশিয়ায় জনশক্তি পাঠানো শুরু হবে, সে বিষয়ে প্রশাসনিক কার্যক্রম প্রক্রিয়াধীন। এ বিষয়ে সঠিক ও নিশ্চিত তথ্য যথাসময়ে মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।

স্মারকলিপিতে বায়রার সাবেক প্রতিনিধিরা ৩১২টি তালিকাভুক্ত এজেন্সিসহ সব বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সিকে সমান সুযোগ দেওয়া, সিন্ডিকেট ও একচেটিয়া আধিপত্য বন্ধ, অভিবাসন ব্যয় কমানো, নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, সব যোগ্য মেডিকেল সেন্টার উন্মুক্ত এবং বোয়েসেলের মাধ্যমে ওয়ান-স্টপ সার্ভিস চালুর দাবি জানান।

সচিব তাদের দাবিগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং যৌক্তিক দাবিগুলো পর্যালোচনার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের আশ্বাস দেন।


মন্তব্য